
আইন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটিকাপাসিয়া খেয়াঘাট জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. জামাল উদ্দিনের বিরুদ্ধে।
শুধু ঘাট দখলই নয়, সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে বৈধ ইজারাদারের মাঝিকে লোহার রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দেওয়ার মতো গুরুতর ও বর্বরোচিত ঘটনাও ঘটিয়েছেন তিনি। এই ঘটনায় সুন্দরগঞ্জ থানায় লিখিত এজাহার দিয়েছেন ভুক্তভোগী ইজারাদার ও কাপাসিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. হারুন-অর-রশিদ।
অভিযুক্ত জামাল উদ্দিন কাপাসিয়া ইউনিয়নের ভাটিকাপাসিয়া গ্রামের মো. ওসমান গনীর ছেলে।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২২ মে) সকাল আনুমানিক ১০টার দিকে জামাল উদ্দিনের নেতৃত্বে লাঠি, ছোরা ও দেশীয় অস্ত্রে সজ্জিত একদল লোক ভাটিকাপাসিয়া খেয়াঘাটে চড়াও হয়। তারা জোরপূর্বক ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের লোকজন দিয়ে পারাপার শুরু করে। এ সময় ইজারাদারের নৌকায় কর্মরত মাঝি মো. কবির উদ্দিনকে নৌকা থেকে টেনে নামিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। অভিযোগ রয়েছে, জামাল উদ্দিন নিজে লোহার রড দিয়ে কবির উদ্দিনের ডান পায়ের হাঁটুর নিচে আঘাত করে তাঁর পা ভেঙে দেন। পরে স্থানীয়রা আহত মাঝিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এজাহার সূত্রে আরও জানা যায়, ঘাট দখলের আগে থেকেই জামাল উদ্দিন ইজারাদার হারুন-অর-রশিদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে ঘাট দখলের হুমকিও দেওয়া হয়েছিল। হামলার পরও অভিযুক্তরা ঘাট ছেড়ে না গিয়ে ৫ লাখ টাকা চাঁদা না পাওয়া পর্যন্ত ঘাট নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দেন এবং ইজারাদার ও তাঁর লোকজনকে প্রাণনাশ ও লাশ গুমের হুমকি দেন।
স্থানীয়দের দাবি, এটি জামাল উদ্দিনের প্রথম ঘাট দখলের ঘটনা নয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে ১৪৩১ বঙ্গাব্দের অবশিষ্ট সময়ের জন্যও তিনি এই ঘাটের নিয়ন্ত্রণ নিয়েছিলেন। পরে ১৪৩২ বঙ্গাব্দে পাঁচজনের সমন্বয়ে পরিচালিত খাস কালেকশনেও তিনি অংশীদার ছিলেন।
ইজারাদার সূত্রে জানা গেছে, ১৪৩১ বঙ্গাব্দে যাত্রীপ্রতি ৪০ টাকা টোল আদায় করা হতো। পরে খাস কালেকশনের সময় স্থানীয়দের সম্মতিতে তা কমিয়ে ৩০ টাকা নির্ধারণ করা হয়। ওই সময়ের কালেকশন কার্যক্রমে জামাল উদ্দিন নিজেও অংশীদার ও সুবিধাভোগী ছিলেন। সেই ধারাবাহিকতায় এবারও ৩০ টাকা হারে টোল আদায় করা হচ্ছিল। অথচ সম্প্রতি অতিরিক্ত টোল আদায়ের ‘লোকদেখানো’ অভিযোগ তুলে জামাল উদ্দিন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং ঘাট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেন। স্থানীয়দের একাংশ প্রশ্ন তুলেছেন, আগে যে হারে তিনি নিজেও টোল আদায় করেছেন, একই হারে অন্য কেউ টোল আদায় করলে এখন এই আন্দোলনের নৈতিক ভিত্তি কোথায়? মূলত ঘাট দখলের চক্রান্ত হিসেবেই তিনি এই নাটক সাজিয়েছেন।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার ৩ নম্বর প্যাকেজের আওতায় কাপাসিয়া-ভাটিকাপাসিয়াসহ অন্যান্য ঘাটগুলো ১৪৩৩ বঙ্গাব্দ পর্যন্ত ইজারা দেওয়া হয়েছে। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে লালচামার গ্রামের রিয়াজুল হকের ছেলে মো. হারুন-অর-রশিদ ইজারা লাভ করেন এবং জেলা পরিষদের সঙ্গে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি সম্পাদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘাট পরিচালনা করছিলেন।
গাইবান্ধা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস কড়া ভাষায় জানান, “জেলা পরিষদ মালিকানাধীন ঘাটগুলো বৈধ প্রক্রিয়ায় সর্বোচ্চ দরদাতা হিসেবে হারুন-অর-রশিদকে ইজারা দেওয়া হয়েছে। তাই ওই ঘাট অন্য কেউ দখল করার কোনো সুযোগ নেই। ১০ টাকায় পারাপার কেন, ইজারাদার ছাড়া অন্য যে কেউ বিনামূল্যেও পারাপার করাতে চাইলে সেটিও সম্পূর্ণ নিয়মবহির্ভূত। জেলা পরিষদের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি খেয়াঘাট পরিচালনা করতে পারবেন না।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, “এ বিষয়ে শুক্রবার রাতে একটি এজাহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ প্রসঙ্গে কাপাসিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. জামাল উদ্দিন মারধর ও চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে দাবি করেন, “স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে খেয়াঘাটটি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। বর্তমানে ৩০ টাকার পরিবর্তে ১০ টাকা করে টোল আদায় করা হচ্ছে।” তবে নিজের আগের ৩০ টাকা টোল আদায়ের সম্পৃক্ততার কথা তিনি স্বীকার করেছেন।
সরকারি সম্পত্তি দখল ও মারধরের এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “হাট-বাজার ও খেয়াঘাট সরকারি সম্পত্তি। সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী ইজারা প্রদান করা হয়। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জোরপূর্বক দখল নেওয়ার এখতিয়ার নেই। বিএনপি নেতা জামাল উদ্দিনের বিরুদ্ধে খেয়াঘাট দখলের যে অভিযোগ উঠেছে, তার সত্যতা পাওয়া গেলে দলের গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী ও এলাকাবাসী এই নগ্ন দখলদারিত্ব ও সন্ত্রাসী হামলার দ্রুত বিচার এবং ঘাট দখলমুক্ত করার দাবি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 















