
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী নৌ-ঘাটে প্রকাশ্য দিবালোকে ‘ঘাট সিন্ডিকেটের’ হাতে নৃশংস হামলার শিকার হয়েছেন দুই সরকারি কর্মকর্তা। পরিচয় দেওয়ার পরও রেহাই পাননি তারা। নৌকায় ওঠাকে কেন্দ্র করে চলন্ত এই গুণ্ডামির ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তিন প্রভাবশালী হামলাকারীর নাম উল্লেখ করে ফুলছড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
হামলার শিকার রক্তাক্ত কর্মকর্তারা হলেন— কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোবারক হোসেন এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর প্রথম শ্রেণির ড্রাইভার আবুল কাশেম ।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এক আত্মীয়ের জানাজা শেষে কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে বালাসী ঘাটে যান উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোবারক হোসেন। তিনি ঘাটে থাকা একটি নৌকায় উঠলে হঠাৎ করেই স্থানীয় ঘাট চালনাকারী চক্রের কতিপয় সদস্য তার ওপর চড়াও হয়। তারা মোবারককে জোরপূর্বক ওই নৌকা থেকে নেমে অন্য একটি নৌকা চড়া দামে ভাড়া করার জন্য চাপ দিতে থাকে। একজন সরকারি চাকুরিজীবী হিসেবে এই অন্যায়ের কারণ জানতে চাওয়া মাত্রই ক্ষিপ্ত হয়ে ওঠে ঘাট সিন্ডিকেটের পান্ডারা।
অভিযোগে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়, স্থানীয় দেলোয়ার হোসেন দেলো, মনির হোসেন ও আজাদুল মিয়া নামের তিন বখাটে ও প্রভাবশালী ব্যক্তি মোবারক হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। তাকে এলোপাতাড়ি মারধর করতে থাকলে পাশে থাকা বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তা আবুল কাশেম তাকে বাঁচাতে এগিয়ে আসেন। কিন্তু হামলাকারীরা এতটাই বেপরোয়া ছিল যে, সরকারি কর্মকর্তার পরিচয় পাওয়ার পরও তারা থামেনি। উল্টো আবুল কাশেমকেও নির্মমভাবে পিটিয়ে জখম করা হয়। একপর্যায়ে মোবারক হোসেনকে সজোরে ধাক্কা দিয়ে ঘাটের শক্ত পাড়ে ফেলে দিলে তার হাঁটুতে গুরুতর আঘাত লাগে। পরে তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে প্রাণনাশের হুমকি দিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগী কর্মকর্তা মোবারক হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি দেশের একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা। কর্মস্থলে যাওয়ার পথে প্রকাশ্য ঘাটে আমাকে হেনস্তা করা হলো। আমি আমার পরিচয় দেওয়ার পরও তারা থামেনি, বরং আরও ক্ষিপ্ত হয়ে মারধর করেছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, বালাসী ঘাটে নৌকা পরিচালনা, অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী পারাপার নিয়ে দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে। এদের আধিপত্য ও নানা অনিয়মের কাছে জিম্মি হয়ে পড়েছে সাধারণ যাত্রী থেকে শুরু করে খোদ সরকারি কর্মকর্তারাও। মাঝেমধ্যেই এখানে যাত্রীদের লাঞ্ছিত করার ঘটনা ঘটে, কিন্তু অদৃশ্য খুঁটির জোরে পার পেয়ে যায় অপরাধীরা।
ঘটনার পর ঘাট সংশ্লিষ্ট ও অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা গা ঢাকা দেওয়ায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। সরকারি কর্মকর্তাদের ওপর হামলার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। অপরাধী যেই হোক না কেন, দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে প্রকাশ্য ঘাটে সরকারি কর্মকর্তাদের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনতিবিলম্বে চিহ্নিত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।
নিজস্ব প্রতিবেদক 











