
লালমনিরহাটের হাতীবান্ধায় ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার মধ্যরাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাব-ইন্সপেক্টর (এসআই) রুহুল আমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধা থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চুরি ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন এসআই রুহুল আমিন এবং এএসআই লতিফ।
পুলিশ দল আসামি রাশেদকে আটক করার মুহূর্তেই তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি আঘাতে এসআই রুহুল আমিন ও এএসআই লতিফ গুরুতর আহত হন। একপর্যায়ে অপরাধীরা পুলিশকে জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় আহত দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এসআই রুহুল আমিনের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই জরুরি ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার এই ন্যাক্কারজনক ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপরাধীদের ছাড় দেওয়া হবে না। মূল আসামি রাশেদসহ হামলার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 

















