
১৮ বছরের এক তরুণের ঘরে মিলল মাদক বিক্রির হাজার হাজার টাকা আর ইয়াবার চালান। গাইবান্ধার সুন্দরগঞ্জে খড়ের ঘরের আড়ালে গড়ে ওঠা এক মাদকের আস্তানায় হানা দিয়ে ফিরোজ কবির নিরব (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ৫২ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৪৩০ টাকা।
গ্রেফতারকৃত নিরব উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে।
রোববার দিবাগত রাতে দক্ষিণ মরুয়াদহ ধাপাচিলা বাজার এলাকায় এক ছায়া অভিযান পরিচালনা করে পুলিশ। মাদক লুকিয়ে রাখার কৌশল হিসেবে নিরব বেছে নিয়েছিল বসতবাড়ির পাশের খড়ের ঘরটিকে। কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সরাসরি হানা দেয় সেই ঘরের কোণে থাকা একটি পুরোনো কাঠের র্যাকে। সেখান থেকেই জব্দ করা হয় ইয়াবা ও নগদ টাকা।
সোমবার বিকেলে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতার তরুণকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং এই চক্রের শিকড় উপড়ে ফেলতে অভিযান জারি রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 

















