
গাইবান্ধা শহরের পশ্চিম পাড়া এলাকায় পৌরসভার একটি দ্রুতগামী ময়লাবাহী ডাম্প ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
আজ সকাল ১১ টার দিকে শহরের বাস টার্মিনাল সড়ক থেকে সংযোগ সড়ক হয়ে পশ্চিম পাড়া-সাদুল্যাপুর সড়কে ওঠার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোটরসাইকেল আরোহী সংযোগ সড়ক দিয়ে মেইন রোডে উঠছিলেন। এ সময় শহরমুখী পৌরসভার একটি দ্রুতগতির ময়লাবাহী ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয় এবং চাকার নিচে পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই আরোহীর মৃত্যু হয়।
ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া করে। পরে শহরের জেলা পরিষদ মোড় এলাকা থেকে চালকসহ ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হয় বিক্ষুব্ধ জনতা।

নিহত মাসুদ শহরের জুম্মা পাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে বলে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি মযনা তদন্তের জন্য সদর হাসপাতলের মর্গে প্রেরন করে।
ব্যস্ততম এই সড়কে পৌরসভার ময়লাবাহী গাড়ির বেপরোয়া গতি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 












