
রাঙামাটি শহরের প্রাণকেন্দ্র মারী স্টেডিয়াম এলাকায় এক শ্বাসরুদ্ধকর অভিযানে তিন হাজার পিস ইয়াবা বড়িসহ গণ অধিকার পরিষদের এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল বৃহস্পতিবার সন্ধ্যায় স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই নেতার নাম জলমনি চাকমা। তিনি গণ অধিকার পরিষদের রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। অভিযানের সময় তার সাথে থাকা বাবু তঞ্চঙ্গ্যা নামের আরও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। বাবু তঞ্চঙ্গ্যার বাড়ি বিলাইছড়ি উপজেলার ধোপ্পাছড়ি এলাকায়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই এই চক্রটির ওপর নজর রাখা হচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি বিশেষ দল মারী স্টেডিয়াম এলাকায় ওত পেতে থাকে। জলমনি চাকমা ও তার সহযোগী বাবু তঞ্চঙ্গ্যা সেখানে ইয়াবার একটি বড় চালান বিক্রি করতে এলে পুলিশ তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। পরে দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
এই মাদক চালানের বিষয়ে রাত ১১টায় কোতোয়ালি থানায় এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকেন্দার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকেন্দার সংবাদ সম্মেলনে বলেন”গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে। এই চক্রের পেছনে আর কারা জড়িত, ইয়াবার মূল উৎস এবং সরবরাহের রুট কী—তা উদ্ঘাটনের জন্য আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে।
রাজনীতিকে ঢাল বানিয়ে পাহাড়ের শান্ত পরিবেশকে যারা মাদকের স্বর্গরাজ্য বানাতে চাইছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ প্রশাসন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 












