
গাইবান্ধার সাঘাটায় কিশোর গ্যাং ও মাদক কারবারিদের অন্ধকার সাম্রাজ্য নিয়ে সত্য সংবাদ প্রকাশ করায় ‘দৈনিক আমার সংবাদ’-এর উপজেলা প্রতিনিধি ইয়ামিন হাসানের ওপর নেমে এসেছে চরম ঔদ্ধত্য। সংবাদ প্রকাশের জেরে এই সাহসী সাংবাদিককে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে প্রকাশ্য দিবালোকে বর্বরোচিতভাবে প্রাণনাশের হুমকি দিয়েছে স্থানীয় একদল চিহ্নিত অপরাধী ও তাদের দোসররা। স্বাধীন সাংবাদিকতার টুঁটি চেপে ধরার এই ন্যাক্কারজনক ঘটনায় গোটা জেলা ও উপজেলা জুড়ে তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে।
গত ১১ জুলাই শনিবার রাত আনুমানিক ৮টা থেকে সাড়ে ৮টার দিকে উপজেলার উল্লা ভরতখালি এলাকায় সাংবাদিক ইয়ামিন হাসানের অস্থায়ী কার্যালয়ের সামনে এই দুর্ধর্ষ ও ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়।
সম্প্রতি দৈনিক আমার সংবাদ-এ “সাঘাটায় মাদকের ভয়াল থাবা” এবং জনপ্রিয় নিউজ পোর্টাল দৈনিক কলম যোদ্ধা ডট কম-এ “পর্ব-১ ভাড়ায় খাটে কিশোর গ্যাং! দোকান চুরি ও মাদক বাণিজ্যের অন্ধকার জগৎ” শিরোনামে দুটি অনুসন্ধানমূলক ও তথ্যবহুল প্রতিবেদন প্রকাশিত হয়। বস্তুনিষ্ঠ এই সংবাদে সরাসরি কোনো ব্যক্তির নাম উল্লেখ না থাকলেও নিজেদের অপরাধ সাম্রাজ্য ফাঁস হওয়ার আতঙ্কে ও ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় অপরাধী চক্র।
এরই জের ধরে শনিবার রাতে নিরব ইসলাম সেতু, শান্ত মিয়া ও রিয়াজসহ অজ্ঞাতনামা ৫-৬ জনের একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং ও মাদক সিন্ডিকেটের দল সাংবাদিক ইয়ামিনের অস্থায়ী কার্যালয় ঘেরাও করে। তারা পুরো কার্যালয়টি অবরুদ্ধ করে অত্যন্ত নোংরা ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং সাংবাদিক ইয়ামিনকে টেনেহিঁচড়ে বের করে জবাই করাসহ প্রকাশ্য প্রাণনাশের হুমকি দেয়।
অবরুদ্ধ অবস্থায় পরিস্থিতি বেগতিক দেখে সাংবাদিক ইয়ামিন হাসান তাৎক্ষণিকভাবে সাঘাটা থানার অফিসার ইনচার্জকে (ওসি) মুঠোফোনে বিষয়টি জানান এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ/পোস্টের মাধ্যমে দ্রুত সহযোগিতা চান।
ইয়ামিনের আকুতি দেখে এবং খবর পেয়ে স্থানীয় বিক্ষুব্ধ সাধারণ মানুষ লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলের দিকে ছুটে আসতে থাকলে, গণধোলাইয়ের ভয়ে অভিযুক্তরা জনসম্মুখে আবারও চিৎকার করে প্রাণনাশের হুমকি দিয়ে একটি অটোভ্যানে করে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীতে সাঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাংবাদিক ইয়ামিনকে উদ্ধার করে।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সংবাদকর্মীর ওপর এমন কাপুরুষোচিত হামলার চেষ্টায় ফুঁসে উঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ, রাজনৈতিক মহল ও সর্বস্তরের জনগণ।
সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ এবং জামায়াত নেতা মাহবুব আলম যৌথ এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন। তারা অবিলম্বে এই চিহ্নিত দুষ্কৃতকারী ও সমাজবিরোধীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার আল্টিমেটাম দিয়েছেন।
ভরতখালী ইউনিয়ন পরিষদের সকল জনপ্রতিনিধি একাত্মতা প্রকাশ করে জানিয়েছেন, এই মাদক কারবারি ও কথিত কিশোর গ্যাংদের কোনো ছাড় দেওয়া হবে না। এদের সমূলে উৎপাটন করতে তারা প্রশাসনের সাথে মাঠে থাকবেন।
এই বর্বরোচিত ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক ইয়ামিন হাসান বাদী হয়ে সাঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম অত্যন্ত কঠোর ভাষায় হুশিয়ারি দিয়ে জানান”লিখিত অভিযোগ আমরা পেয়েছি। অপরাধী ও সমাজবিরোধী চক্রের কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় নেই। সাংবাদিককে হুমকি দেওয়ার সাহস যারাই দেখিয়েছে, তদন্ত সাপেক্ষে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। পুলিশ মাঠে কাজ করছে।
বর্তমানে সাঘাটার চিহ্নিত এই সন্ত্রাসী ও মাদক চক্রের অব্যাহত হুমকিতে সাংবাদিক ইয়ামিন হাসান ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে এই চিহ্নিত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে সাঘাটাবাসীকে এই মাদকের অভিশাপ ও কিশোর গ্যাংয়ের তাণ্ডব থেকে মুক্ত করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী মহল ও সচেতন এলাকাবাসী।
নিজস্ব প্রতিবেদক 

















