
গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজের গাটের টাকায় কেনা মাত্র ৮ শতক বসতভিটা রক্ষা করতে গিয়ে প্রভাবশালী চক্রের নির্মম নিপীড়নের শিকার হচ্ছে এক দরিদ্র অটোরিকশাচালকের পরিবার। ৫ লাখ টাকা চাঁদা দাবি, ঘরে আগুন, মেয়েকে অপহরণ-ধর্ষণের হুমকি এবং সাজানো মামলার জালে পড়ে এখন ভিটেমাটি ছাড়ার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা।

উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ গ্রামে অটোরিকশাচালক রঞ্জু মিয়ার পরিবারকে উচ্ছেদে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় প্রভাবশালী আজিজার প্রামাণিক ও তার ভাই আনিছুর রহমান প্রামাণিক।
ভুক্তভোগীদের বিবরণ অনুযায়ী, ২০২২ সালে রেজিস্ট্রি দলিল (নং-১৪২০৭) ও নামজারি সম্পন্ন করে ৮ শতক জমিতে ছাপড়া ঘর তুলে বসবাস শুরু করেন রঞ্জু মিয়ার স্ত্রী ফুলমালা বেগম ও নানী শাশুড়ি ফুলমতি বেগম। অভিযোগ রয়েছে, আজিজার প্রামাণিক ২০১০ সালেই তার মালিকানাধীন জমি অন্যত্র বিক্রি করে দেওয়ার পরও গায়ের জোরে এই জমিটি দখলের পাঁয়তারা চালাচ্ছেন।

ঘটনার সূত্রপাত ঘটে গত ১৮ জুলাই। দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে চক্রটি রঞ্জুর বাড়িতে ঢুকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ঘরবাড়িতে আগুন, মেয়েকে অপহরণ ও ধর্ষণের হুমকি দেওয়া হয়। প্রাণভয়ে আদালতের দ্বারস্থ হয়ে সিআর মামলা (নং-৫৪৫/২৬) করেন রঞ্জু মিয়া। আদালত জমিতে ১৪৪/১৪৫ ধারা জারি করে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেন।
আদালতের আদেশের পর চক্রটি আরও বেপরোয়া হয়ে ওঠে। গত ৫ আগস্ট রাতে নিজেদের বাড়িতে ডাকাতি ও হামলার নাটক সাজিয়ে রঞ্জু মিয়া এবং তার স্বজনদের আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মিথ্যা মামলা ঠুকে দেয় প্রতিপক্ষ। গ্রেপ্তারের ভয়ে এখন পুরুষশূন্য পুরো বাড়ি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আজিজার প্রামাণিক ও আনিছুর রহমান পাল্টা দাবি করে বলেন, জমিটি তাদের পৈতৃক ও ক্রয়সূত্রে পাওয়া। উল্টো রঞ্জু মিয়াই জোরপূর্বক জমি দখল করে তাদের ওপর হামলা চালিয়েছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, জমি নিয়ে বিরোধ ও আদালতে মামলা চলায় জমিতে সব ধরনের নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের বিরুদ্ধে আনীত পক্ষপাতিত্বের অভিযোগ তিনি অস্বীকার করেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, রঞ্জু একজন খেটে খাওয়া অসহায় মানুষ। প্রকাশ্য এই বিরোধ কেন্দ্র করে গ্রামে যেকোনো মুহূর্তে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। অনতিবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চেয়েছেন তারা।
নিজস্ব প্রতিবেদক 















