
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকার পশ্চিম শিমুলটাইড় (ফুটানী বাজার) থেকে আবুল বাশার আবেদ (১৪) নামের এক কিশোর নিখোঁজের দীর্ঘ ২১ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজের পর দিনই পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও প্রশাসনের তরফ থেকে কার্যকর কোনো ভূমিকা না থাকায় ক্ষোভ ও চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে নিখোঁজের পরিবার, জিডি নং 1007 তারিখ 23 07 2026।

পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন মঙ্গলবার নিজ বাসা থেকে বের হওয়ার পর থেকে আর বাড়ি ফেরেনি আবেদ।
তার গায়ের রং ফর্সা এবং নিখোঁজের সময় পরনে ছিল একটি সবুজ রঙের পোলো টি-শার্ট ও অরেঞ্জ (কমলা) রঙের পায়জামা। ঘটনার পর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে থানায় জিডি করা হলেও টানা ২১ দিনেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো তৎপরতা চোখে পড়েনি বলে অভিযোগ স্বজনদের। প্রশাসনের এই নীরব ভূমিকায় হতাশ হয়ে পড়েছে নিখোঁজ কিশোরের পরিবার।

নিখোঁজ আবেদের বাবা মোতালেব সরকার সন্তানের দ্রুত উদ্ধারে উর্ধ্বতন পুলিশ প্রশাসন ও সর্বসাধারণের জোরালো সহযোগিতা কামনা করেছেন।
এ ছাড়াও কোনো সহৃদয় ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে বা তার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে 01717-902891, 01313-772750 এই নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন পরিবার।
নিজস্ব প্রতিবেদক 















