
ভিডিও দেখানোর প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মজিবউদ্দিন ওরফে সেলিম (৪২) নামের এক মাদ্রাসা প্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযুক্ত সেলিম পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামনগর এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে এবং মোমিনপুর দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে খেলছিল শিশুটি। এ সময় প্রতিবেশী সেলিম মুঠোফোনে ভিডিও দেখানোর কথা বলে তাকে নিজের ঘরে ডেকে নেয় এবং সেখানে পাশবিক নির্যাতন চালায়। শিশুটি বাড়ি ফিরে পরিবারের কাছে ঘটনা জানালে গুরুতর অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় জানান, জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষায় শিশুটির শরীরে স্পষ্ট আঘাত ও নির্যাতনের চিহ্ন মিলেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে সেলিম। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় হাতীবান্ধা উপজেলায় বোনের বাড়ি যাওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 















