
যে রক্ষক, সেই ভক্ষক’—প্রবাদটি যেন আবারও সত্য হলো গাইবান্ধার সাদুল্লাপুরে। উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর দামোদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য রাখা ৩৫৭ কেজি সরকারি রড চুরির অভিযোগ উঠেছে খোদ বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও তোলপাড় সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণ কাজের জন্য বিপুল পরিমাণ রড ও সিমেন্ট মজুত রাখা ছিল। গত বুধবার (২৬ আগস্ট) রাতে স্কুলের নৈশপ্রহরী মোমিনুল ইসলাম ওই রড চুরি করেন। পরে তার ছোট ভাই মাহিদুল ইসলাম, প্রতিবেশী জাহিদ মিয়া এবং দারোয়ান জুয়েল মিয়া মিলে একটি ভ্যানে করে রসুলপুরের মহিষবান্দির এক ভাঙারির দোকানে এসব রড বিক্রি করতে নিয়ে যান।
গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে সেখানে উপস্থিত হলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীর উপস্থিতিতে ৩৫৭ কেজি রড জব্দ করা হয়। চুরির বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও অভিভাবকদের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক নূর মোহাম্মদ নয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান ‘হা-মীম ইন্টারন্যাশনাল’-এর প্রকৌশলী সুজা মিয়া বলেন, খবর পেয়ে চোরাই রডগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

সাদুল্লাপুর উপজেলা প্রকৌশলী মেনাজ জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল হওয়ায় তারাই এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।
এদিকে সরকারি উন্নয়নকাজে এমন দায়িত্বহীনতা ও চুরির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
নিজস্ব প্রতিবেদক 

















