
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক নির্জন কলাবাগান থেকে আবু সালেম নামের এক স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার সাপগাছি-হাতিয়াদহ এলাকার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবু সালেম উপজেলার কাটাখালী বালুয়াহাট এলাকার ‘ইউনিক ইন্টারন্যাশনাল স্কুল’-এর সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে সাপগাছি-হাতিয়াদহ এলাকার একটি কলাবাগানে গাছের সঙ্গে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। কাছে গিয়ে শিক্ষকের মরদেহ শনাক্ত করার পর দ্রুত গোবিন্দগঞ্জ থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল ও প্রাথমিক আলামত সংগ্রহ করেন গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শাহজাহান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে; ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই আসল ঘটনা জানা যাবে।
এদিকে শ্রেণিকক্ষের প্রিয় শিক্ষকের এমন আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নিজস্ব প্রতিবেদক 

















