
বাড়ি পৌঁছে দেওয়ার ফাঁদ পেতে এক সন্তানের জননীকে (২১) পরিত্যক্ত ইটভাটায় নিয়ে দলবদ্ধ ধর্ষণের এক লোমহর্ষক ঘটনা ঘটেছে গাইবান্ধার সাঘাটায়। পাশবিক এই নির্যাতনের সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় জনতা ছুটে এসে অভিযুক্ত দুই যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো—উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের আলমের ছেলে সৈকত (২৮) এবং উল্লাসোনাতলা গ্রামের বাদলের ছেলে মুস্তাকিম (২০)। রোববার (১১ অক্টোবর) পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। অন্যদিকে গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূ শনিবার (১০ অক্টোবর) রাতে গোবিন্দগঞ্জে বোনের বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথে বোনারপাড়ায় পৌঁছালে বোনজামাইয়ের পূর্বপরিচিত সৈকতের সঙ্গে তাঁর দেখা হয়। সুযোগ বুঝে সৈকত তাঁকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস দেয় এবং একটি ভ্যানে তোলে।
কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার বদলে সৈকত ও তার সহযোগী মুস্তাকিম ওই তরুণীকে হেলেঞ্চা এলাকার একটি নির্জন পরিত্যক্ত ইটভাটায় নিয়ে যায়। সেখানে রাত আনুমানিক ১০টার দিকে নির্জনতার সুযোগ নিয়ে ওই দুই পাষণ্ড তরুণীর ওপর পাশবিক নির্যাতন চালায়। এ সময় তরুণীর আত্মচিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ভুক্তভোগীকে উদ্ধার করেন এবং ধর্ষক সৈকত ও মুস্তাকিমকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে বোনারপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা ঘটনাস্থল থেকে দুই অভিযুক্তকে আটক করে সাঘাটা থানায় নিয়ে যান। এ ঘটনায় সাঘাটা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই দুই অভিযুক্তকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর সুচিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ঘটনাটির বিষয়ে কঠোর আইনি পদক্ষেপ অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 

















