
বিজ্ঞান কেবল পাঠ্যবইয়ের পাতায় আবদ্ধ কোনো কঠিন সূত্রের নাম নয়; বিজ্ঞান মানে কৌতূহল, প্রশ্ন করার সাহস আর চারপাশের বাস্তব সমস্যার কার্যকর সমাধান খোঁজা—এমন প্রত্যয় নিয়েই গাইবান্ধায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান, উদ্ভাবনী ও শিক্ষা মেলা। সোমবার সকালে সদর উপজেলার ঐতিহ্যবাহী দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ মেলার পর্দা ওঠে।
ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান। বিদ্যালয়ের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী জেলা শিক্ষা অফিসার খান মো. সাইফুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়াসিউল হাবিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। সরেজমিনে দেখা যায়, স্কুল প্রাঙ্গণে সাজানো ১৬টি স্টলে খুদে গবেষকদের উদ্ভাবনী ব্যস্ততা। জলবায়ু পরিবর্তন রোধ, পরিবেশবান্ধব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং আধুনিক জীবনযাপনের নানা সংকট সমাধানে নিজেদের তৈরি বৈজ্ঞানিক মডেল প্রদর্শন করছে শিক্ষার্থীরা। দর্শনার্থী ও সহপাঠীদের কাছে আত্মবিশ্বাসের সঙ্গে প্রজেক্টের কার্যকারিতা তুলে ধরছে তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের সৃজনশীল প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের গতানুগতিক মুখস্থ বিদ্যার বৃত্ত থেকে বের করে আনবে। তরুণ প্রজন্মকে কেবল বিজ্ঞানী হিসেবে নয়, বাস্তব জীবনে সাহসী, বিশ্লেষণী ও দূরদর্শী নাগরিক হিসেবে গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলার দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী উদ্ভাবকদের হাতে পুরস্কার তুলে দেবেন সদর উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক।
নিজস্ব প্রতিবেদক 















