
গাইবান্ধা সদর থানায় এক ১১ বছরের অবুঝ শিশুকে ছাদের উপর হাত-মুখ চেপে পাশবিক গণধর্ষণের ঘটনায় লিখিত এজাহার দায়েরের পর কেটে গেছে এক সপ্তাহেরও বেশি সময়। কিন্তু অবুঝ শিশুর সম্ভ্রমহানির বিচার পাওয়ার পরিবর্তে উল্টো চরম হয়রানি ও পুলিশি দুর্নীতির নির্মম শিকার হতে হচ্ছে এক নিরুপায় দরিদ্র পরিবারকে।

অভিযোগ উঠেছে, মামলা রুজু (রেকর্ড) করার নাম করে তদন্তকারী কর্মকর্তা বাদি পক্ষের নিকট ৫ হাজার টাকা ঘুষ দাবি করেছেন। ভুক্তভোগী পরিবারটি সেই ঘুষের টাকা দিতে অপারগতা প্রকাশ করায় মামলাটি নথিভুক্ত করতে চরম গড়িমসি শুরু করেছে পুলিশ।
সরেজমিনে ও মামলার বিবরণী থেকে জানা যায়, গেল ৪ জুন বিকেলে গাইবান্ধা সদর থানার কোমরপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনির এক ছাত্রীকে জোড় করে রাস্তা থেকে নিয়ে যায় প্রতিবেশী বখাটে নোবেল তার সহযোগী তারেক । অন্য বাচ্চাদের সাথে খেলা শেষে সন্ধ্যার সাথে সাথেই বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা এই দুই নরপশু অবুঝ শিশুটির মুখ চেপে ধরে পার্শ্ববর্তী বাঁশঝাড় সংলগ্ন একটি নির্মাণাধীন একতলা ভবনের ছাদে নিয়ে যায়। সেখানে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে আসামি নোবেল জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে এবং ২নং আসামি তারেক তাকে এই জঘন্য অপরাধে সম্পূর্ণ সহযোগিতার পাশাপাশি নিজেও ধর্ষন করে । পরবর্তীতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ছাদেই ফেলে রেখে পালিয়ে যায় নরপশুরা।

পাশবিক ও সংঘবদ্ধ এই ধর্ষণের পর অবুঝ শিশুটি মানসিকভাবে মারাত্মক বিপর্যস্ত হয়ে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে পড়েছে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করান। বর্তমানে শিশুটি হাসপাতালের বেডে যন্ত্রণায় ছটফট করছে। এই ঘটনায় ভিকটিমের মা ঢাকা থেকে এসে থানায় হাজির হয়ে একটি সুনির্দিষ্ট লিখিত এজাহার দায়ের করেন। কিন্তু এখানেই শুরু হয় পুলিশের চিরচেনা নির্মম ও অমানবিক আচরণ।
ভুক্তভোগী পরিবারের সুস্পষ্ট অভিযোগ, এজাহার জমা দেওয়ার পর মামলার তদন্তকারী কর্মকর্তা মামলাটি সরকারি খাতায় রুজু করার জন্য বাদির নিকট ৫ হাজার টাকা দাবি করেন। দিনমজুর ও অভাবী পরিবারের পক্ষে এই টাকা দেওয়া সম্ভব না থাকায় তারা তাৎক্ষণিক অপারগতা প্রকাশ করেন। আর এই সামান্য কয়েকটা টাকার ঘুষ না পেয়ে মামলার নথিপত্র নিয়ে টেবিল চাপড়ানি ও গড়িমসি শুরু করেছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।
পুলিশের এই রহস্যজনক নিষ্ক্রিয়তা এবং দৃশ্যমান গড়িমসির সুযোগ নিয়ে বুক ফুলিয়ে আইনের নাকের ডগায় প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে ধর্ষক নোবেল ও তার সহযোগী তারেক। শুধু ঘুরে বেড়ানোই নয়, তারা এখন ভুক্তভোগী পরিবারটিকে মামলা ও লিখিত অভিযোগ তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত অবর্ণনীয় হুমকি-ধমকি দিচ্ছে।
অভিযোগ না তুললে চিরতরে তুলে নেওয়ার হুমকিতে পরিবারটি এখন গৃহবন্দী। জানা গেছে, আসামিরা প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছে, যদি অবিলম্বে থানা থেকে অভিযোগ তুলে নেওয়া না হয়, তবে ধর্ষিতা শিশু ফাতেমাকে তারা চিরতরে দুনিয়া থেকে উঠিয়ে (গুম) দেবে। আসামিদের এমন জঘন্য ও ভয়াবহ হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা পরিবার। সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে বাকরুদ্ধ শিশুটি যখন হাসপাতালের বিছানায় ছটফট করছে, তখনও কোনো বিচার পাচ্ছে না এই পরিবারটি। প্রশাসনের উচ্চপর্যায়ের কোনো হস্তক্ষেপ না পেয়ে নিরুপায় হয়ে অসহায় পরিবারটি এখন বিচারের আশায় দ্বারে দ্বারে মাথা কুটে মরছে।
এলাকাবাসী ও স্থানীয় সাক্ষীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “চোখের সামনে অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে আর পুলিশ চেয়ে চেয়ে দেখছে। আমরা অনতিবিলম্বে অপরাধীদের গ্রেফতার ও দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দাবি করছি।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জের সাথে কথা বললে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, আমরা আসামী গ্রেফতারের চেষ্টা করছি। তবে তদন্ত কর্মকর্তার নাম জানতে চাইলে তিনি তা জানাতে অপারগতা জানান।
অভিযুক্ত ৫ হাজার টাকা চাওয়া তদন্ত কর্মকর্তার মুঠো ফোন ০১৮৮,,,,, ৪৭ এই নাম্বারে যোগাযোগ করা হলে মামলার জন্য নয়, মেডিকেল রিপোর্টের জন্য টাকা টি লাগবে বলে বিষয়টি ঘুরিয়ে দেয়ার চেষ্টা করেন।
এর পর পরই উক্ত তদন্ত কর্মকর্তা আসাদুল ইসলাম বিষয়টি সংবাদ কর্মিদের জানানোর কারনে ধর্ষিতার মাকে থানায় ডেকে মামলা না করার এবং উল্টো এই অসহায় পরিবার কে ফাসানোর হুমকিও দেন বলে জানান বাদীনি।
একটি অবুঝ শিশুর সম্ভ্রমের মূল্য কি কেবলই ৫ হাজার টাকা ঘুষের ফাইলে আটকে থাকবে? নাকি আইনের শাসন প্রতিষ্ঠা পাবে—এটাই এখন গাইবান্ধাবাসীর মূল প্রশ্ন।
নিজস্ব প্রতিবেদক 














