
গাইবান্ধার ফুলছড়ি উপজেলাতে গৃহবধূ রহিমা আক্তার শিল্পী (৪৫) হত্যাকাণ্ডের সাত দিন পেরিয়ে গেলেও প্রধান আসামিসহ অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বৃহস্পতিবার (২৬/০২/২০২৬) সকাল ১১টায় উপজেলার হরিপুর এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দক্ষিণ চন্দিয়া কুড়ারবাতা ৩নং ওয়ার্ডের শিল্পী ওরফে রহিমা বেগমকে নির্মমভাবে হত্যা করায় খুনি সোলায়মান, আজমেরি, লিজা ও সিরাজুলের ফাঁসি চেয়ে এলাকাবাসী মানববন্ধন করে।
জানা যায়, এর আগে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কুরারবাতা গ্রামে রহিমা আক্তার শিল্পীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিল্পী ছিলেন অবিজল মুন্সীর কন্যা এবং স্বামী সোলায়মানের দ্বিতীয় স্ত্রী।
এলাকাবাসীর দাবি, অভিযুক্ত সোলায়মান একাধিক বিয়ে করেছেন এবং দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও নির্যাতনের ঘটনা চলছিল।
নিহতের ছেলে আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, তার মাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তার ভাষ্য,“আমার মাকে মেরে ঝুলানো হয়েছে। তার হাত-পা বাঁধা ছিল।”
পরিবার সূত্রে জানা যায়, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে গত জানুয়ারি মাসে শিল্পী ময়মনসিংহে আত্মীয়ের বাসায় আশ্রয় নেন। পরে তাকে বাড়িতে ফিরিয়ে এনে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয় বলেও অভিযোগ ওঠে।
গেল শুক্রবার জুমার নামাজের পর বাড়িতে ফিরে বড় ছেলে দেখতে পান, তার বাবা সোলায়মান ও অন্যরা ওড়না প্যাঁচানো অবস্থায় শিল্পীর মরদেহ নিচে নামাচ্ছেন। ঘটনাস্থলে তার আরও দুই সৎ মা উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় নিহতের স্বজন মোহাম্মদ আলী বাদী হয়ে ফুলছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয় এবং তদন্ত শুরু করে।
তবে সাত দিন পেরিয়ে গেলেও এখনো আসামিদের গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী—এমন অভিযোগ তুলেছেন স্বজনরা।
মানববন্ধনে বক্তারা বলেন, “নির্মম এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
এদিকে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। দ্রুত বিচার ও ন্যায়বিচারের প্রত্যাশায় মানববন্ধনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
নিজস্ব প্রতিবেদক 













