
হামের মতো প্রতিরোধযোগ্য রোগে আক্রান্ত হয়ে তিন বছরের ফুটফুটে শিশু সাদমান চলে গেল না ফেরার দেশে।
কামরাঙ্গীরচর থেকে যখন সাদমানকে নিয়ে তার বাবা ডিএনসিসি হাসপাতালের দিকে ছুটছিলেন, তখন হয়তো বুকের ভেতর এক চিলতে আশা ছিল ডাক্তারের ছোঁয়ায় ছেলেটা আবার ‘আব্বু’ বলে ডাকবে। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে সেই আশা এখন শুধুই দীর্ঘশ্বাস।
হাসপাতাল থেকে যখন সাদমানের নিথর দেহটি নিয়ে হতভাগা পিতা বাড়ির পথে রওয়ানা হলেন, তখন তার কোলে ছিল না কোনো চঞ্চল শিশু, ছিল একখণ্ড ভারী পাথর হয়ে যাওয়া স্বপ্ন। কামরাঙ্গীরচর থেকে ডিএনসিসি—এই দীর্ঘ পথে বাবার দুই হাত যে কতবার কেঁপেছে, তা কেবল তিনিই জানেন। কলিজার টুকরোকে হারিয়ে স্তব্ধ পিতা আজ বাকরুদ্ধ।
সাদমানের এই অকাল মৃত্যু কেবল একটি সংখ্যা নয়, বরং আমাদের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার ওপর এক বিরাট চপেটাঘাত। যখন হামের মতো অসুখে একের পর এক প্রাণ ঝরছে, তখন রাষ্ট্রের নীতিনির্ধারকদের নীরবতা সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে। দায়িত্বশীলদের উদাসীনতা আজ এই জনপদকে এক ‘অভিভাবকহীন ও অনিরাপদ’ মরুভূমিতে পরিণত করেছে। প্রশ্ন উঠছে—আর কত সাদমান ঝরে গেলে আমাদের কর্তা ব্যক্তিদের ঘুম ভাঙবে?
যুগ যখন উন্নত হচ্ছে, তখন আমরা কি তবে একটি নিরাপদ শৈশব নিশ্চিত করতে পারছি না? সাদমানের বাবার এই আহাজারি আজ দেশের প্রতিটি সচেতন নাগরিকের। শোকাতুর পরিবারের জন্য মহান আল্লাহর দরবারে ধৈর্য ধারণের শক্তি প্রার্থনা করা ছাড়া যেন আর কিছুই করার নেই এই অসহায় সমাজের।
নিজস্ব প্রতিবেদক 

















