
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই হাত ছেড়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে শাওন মিয়া নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার শাখাহার ইউনিয়নের কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার আনুমানিক সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের কারেন্টের মোড় এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন শাওন মিয়া।
অভিযোগ রয়েছে, চলন্ত অবস্থায় হ্যান্ডেল থেকে দু’হাত ছেড়ে দিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন তিনি। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায় বাইকটি। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।
নিহত শাওন মিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামের শাবলু মন্ডলের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিজস্ব প্রতিবেদক 
















