
জেলার কৃতি সন্তান ও সাবেক আমলা আমিনুল ইসলাম ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী মো. আমিনুল ইসলামকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
এর আগে গত রোববার (৮ মার্চ) ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেন। পরে একদিনের জন্য স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এমডির দায়িত্ব দেওয়া হয়েছিল।
জানা যায়, আমিনুল ইসলাম আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২১ সালে যুগ্ম-সচিব হিসেবে অবসরে যান। সে সময় তিনি জাতীয় নদী রক্ষা কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরে অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালে তাকে সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়।
গাইবান্ধা জেলার কৃতি এই প্রশাসনিক কর্মকর্তা দেশের গুরুত্বপূর্ণ একটি সেবা সংস্থা ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পাওয়ায় জেলায় বিভিন্ন মহলে আনন্দ ও অভিনন্দনের সাড়া পড়েছে। জেলার বিশিষ্টজনরা আশা করছেন, তার অভিজ্ঞ নেতৃত্বে ঢাকা ওয়াসার সেবার মান আরও উন্নত হবে।
নিজস্ব প্রতিবেদক 










