
গাইবান্ধা শহরের জনবহুল হকার্স মার্কেট সংলগ্ন জনতা ব্যাংকের নিচে ‘সাজ ফার্মা’ নামের একটি ওষুধের দোকানে দিনদুপুরে ফিল্মি কায়দায় অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় দোকানের কর্মচারী মো. শিপন মিয়াকে রাস্তায় টেনেহিঁচড়ে এনে বেধড়ক পিটিয়ে জখম এবং বুকে পা দিয়ে চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয়।
শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ নৃশংস হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী প্রতিষ্ঠানের মালিক মো. বুলবুল আহমেদ বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন— গাইবান্ধা শহরের থানা পাড়ার অনিক মিয়া (২৫) ও রানা মিয়া (৫৫) এবং বলাকা ফার্মেসির কর্মচারী রাজ মিয়া (২৩) ও বিপুল চন্দ্র (২৮)।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কর্মচারী মো. শিপন মিয়া প্রায় ৪ বছর আগে ২ নম্বর আসামি রানা মিয়ার প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এর জের ধরে সম্প্রতি আসামিরা বুলবুল আহমেদের ‘সাজ ফার্মা’য় এসে শিপনের কাছে মিথ্যা ও ভিত্তিহীন পাওনা টাকার দাবি তুলে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শিপন দোকানে দায়িত্ব পালনকালে আসামিরা দলবদ্ধভাবে দোকানের ভেতর অনধিকার প্রবেশ করে। একপর্যায়ে রানা মিয়ার নির্দেশে অন্যরা শিপনের শার্টের কলার ধরে টেনেহিঁচড়ে দোকানের সামনের রাস্তায় নিয়ে আসে এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। হামলায় শিপনের কপাল ফেটে যায় এবং বাম হাতের হাড় ভেঙে রক্ত জমাট বেঁধে যায়। একপর্যায়ে শিপন মাটিতে লুটিয়ে পড়লে রানা মিয়া তার বুকের ওপর উঠে বুট জুতা দিয়ে লাথি মারতে থাকে এবং গলা টিপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়।
এ সময় শিপনের চিৎকারে আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা প্রকাশ্যে খুন-জখম এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে খবর পেয়ে দোকান মালিক বুলবুল আহমেদ স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত শিপনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
দোকান মালিক বুলবুল আহমেদ ক্ষোভ প্রকাশ করে জানান, সন্ত্রাসীদের এমন বেপরোয়া তাণ্ডব ও হুমকিতে তার প্রতিষ্ঠানের কর্মচারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে।
এ বিষয়ে অভিযুক্ত বলাকা মেডিকেলের মালিক রানার সাথে কথা বললে তিনি মারামারির বিষয় অস্বীকার করলেও তারা বাবা ছেলে সেখানে গিয়েছিল, তবে তাদের দোকানের পুর্বের কর্মচারি তার দেনা পাওনা পরিশোধ না করে দুজন কর্মচারি সেখানে চাকরি করছে তাদের কাছে তাগাদা দিতে।
জনবহুল এলাকায় এমন নৃশংস হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা অবিলম্বে অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 














