
মাদক ব্যবসার প্রতিবাদ করে বাড়ি ছাড়তে বলায় গাইবান্ধার ফকিরপাড়ায় সিথিল নামের এক বাড়িওয়ালাকে নৃশংসভাবে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে চিহ্নিত মাদক কারবারি বাধন ও তার পরিবারের বিরুদ্ধে। সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েই নতুন ভাড়া বাসায় উঠে ফের ইয়াবা কারবার শুরু করে এই চক্র। বর্তমানে গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী সিথিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অনুসন্ধানে জানা যায়, ঘটনার মাত্র দুদিন আগে গাইবান্ধার ফকিরপাড়া এলাকার সিথিলের বাসায় ভাড়া নেয় বাধন। কিন্তু ভাড়ায় উঠার পরপরই স্থানীয়দের মাধ্যমে সিথিল জানতে পারেন যে, বাধন, তার বোন হানি খন্দকার সুমাইয়া, পিতা হাসান মিয়াসহ পুরো পরিবারটি একটি সংঘবদ্ধ মাদক চক্রের সাথে জড়িত। সম্প্রতি রাজধানীর গুলশানে ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এক নারীর সাথেও এই চক্রের জোরালো যোগসূত্র রয়েছে বলে স্থানীয় সূত্রে তথ্য মিলেছে।
ভাড়া বাসায় মাদকের অবৈধ কারবার ও অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি বুঝতে পেরে বাড়িওয়ালা সিথিল আজকে তাদের বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়ে চলে যান। বাসা ছাড়ার কথা বলায় ক্ষিপ্ত হয়ে রাতারাতি হিংস্র হয়ে ওঠে অভিযুক্তরা। এর পর রাত ১০ টার দিকে হাসপাতালের সামনে বাধন, তার পিতা হাসান মিয়া ও মাতা অতর্কিতভাবে সিথিলের ওপর হামলা চালায় এবং অত্যন্ত নির্মমভাবে পিটিয়ে তার একটি পা ভেঙে দেয়।

স্থানীয় সূত্রে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে, প্রধান অভিযুক্ত বাধন মাত্র কিছুদিন আগেই একটি মাদক মামলায় কারাভোগ করে জেল থেকে বের হয়েছে। জেল থেকে বের হয়েই সে সংশোধন না হয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। মাদকের কালো টাকা দিয়ে এই পুরো পরিবারটি গাইবান্ধা শহরের বিভিন্ন এলাকায় বিলাসবহুল জীবনযাপন করে আসছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কীভাবে এই চক্রটি রমরমা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে, তা নিয়ে সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এই পৈশাচিক হামলার ঘটনায় ভুক্তভোগী সিথিলের পরিবার ও স্বজনেরা সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের জোর প্রস্তুতি নিচ্ছেন। এদিকে হামলার পর থেকেই প্রধান অভিযুক্ত বাধন, তার পিতা ও মাতাসহ পুরো পরিবার গা ঢাকা দিয়েছে এবং সপরিবারে পালিয়ে বেড়াচ্ছে।
স্থানীয় সচেতন মহল এবং এলাকাবাসী অবিলম্বে পলাতক মাদক কারবারি বাধন ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 














