
গাইবান্ধার সাঘাটায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতা মোহাঃ নুরনবী বেপারীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নুরনবী বেপারী সাঘাটা উপজেলার ঝরা বর্ষা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি অতীতে গাইবান্ধা জেলা কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি এবং ঘুড়িদহ ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।
সাঘাটা থানা পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে নুরনবী বেপারীকে আটক করে।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপরাধ ও বিশৃঙ্খলা দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক 


















