
গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ সকালে জেলা স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,”তৃণমূল পর্যায় থেকে সঠিক প্রতিভা খুঁজে বের করাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। এর মাধ্যমে জেলার তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশের এক নতুন দুয়ার উন্মোচিত হলো।”
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক এবং স্থানীয় ক্রিকেটপ্রেমীরা উপস্থিত ছিলেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, মাঠের লড়াইয়ে তরুণদের এই প্রাণচাঞ্চল্যই আগামীতে জাতীয় ক্রিকেট দলকে আরও সমৃদ্ধ করবে।

এবারের আসরে জেলার সেরা স্কুল দলগুলো শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে। স্থানীয় দর্শকদের মতে, এ ধরনের আয়োজন জেলা শহরগুলোতে নিয়মিত হলে আগামীতে গাইবান্ধা থেকে আরও অনেক দক্ষ ক্রিকেটার উঠে আসবে।
নিজস্ব প্রতিবেদক 
















