
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় ব্রাক কর্তৃপক্ষের বিরুদ্ধে দীর্ঘদিনের যাতায়াতের রাস্তা প্রাচীর দিয়ে বন্ধ করে দেওয়ার এক চরম ঔদ্ধত্যপূর্ণ অভিযোগ উঠেছে। এনজিওটির এমন একতরফা সিদ্ধান্তে ওই এলাকার বেশ কয়েকটি পরিবারের যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন অবরুদ্ধ হয়ে পড়া ক্ষুব্ধ এলাকাবাসী।
আজ বেলা ১১টার দিকে পৌরসভার পান্থাপাড়া গ্রামে ব্রাক অফিসের পেছনের অংশে যাতায়াতের পথে হঠাৎ ইটের প্রাচীর নির্মাণ শুরু করে ব্রাক কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী রিপন সরকারসহ ওই এলাকার মানুষ দীর্ঘ সময় ধরে এই পথটি ব্যবহার করে আসছিলেন। আকস্মিকভাবে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে প্রাচীর নির্মাণ করায় তাদের চাষাবাদের জমিতে যাওয়ার একমাত্র পথটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা এতে তীব্র আপত্তি ও বাধা দিলেও, তা সম্পূর্ণ অমান্য করে এবং গায়ের জোরে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ব্রাক কর্মকর্তাদের বিরুদ্ধে।
এই ঘটনায় পান্থাপাড়া গ্রামের মৃত ওসমান আলীর ছেলে রিপন সরকার বাদী হয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “ব্রাক কর্তৃপক্ষ ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের দীর্ঘদিনের যাতায়াতের পথটি বন্ধ করে দিয়েছে। এখন আমাদের চলাচলের আর কোনো পথ অবশিষ্ট নেই। আমরা এই অন্যায় ও জুলুমের সুষ্ঠু বিচার চাই।
এদিকে জনমনে তীব্র অসন্তোষ ও উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে যান গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন। তিনি সরেজমিনে ভুক্তভোগী এলাকাবাসী ও ব্রাক কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং উদ্ভূত পরিস্থিতি তদন্ত করে দেখেন।
জনদুর্ভোগের তীব্রতা বিবেচনা করে এবং সামাজিক শান্তি বজায় রাখতে সংসদ সদস্য উভয় পক্ষকে ধৈর্য ধারণের পরামর্শ দেন। একই সাথে তিনি এনজিওটির এমন হঠকারী সিদ্ধান্তে সৃষ্ট অচলাবস্থা নিরসনে, উভয় পক্ষকে দ্রুত আলোচনার টেবিলে বসে আপোষ-মীমাংসার মাধ্যমে অবরুদ্ধ যাতায়াতের পথটি উন্মুক্ত করার কড়া আহ্বান জানান।
এলাকাবাসীর দাবি, এনজিওর মতো একটি সেবামূলক প্রতিষ্ঠান কীভাবে সাধারণ মানুষের পথ আটকে জনজীবন বিপর্যস্ত করতে পারে, তা খতিয়ে দেখে অবিলম্বে রাস্তাটি খুলে দেওয়া হোক।
নিজস্ব প্রতিবেদক 













