
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় হুমায়রা খাতুন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু হুমায়রা দেবী চৌধুরানী ডিগ্রি কলেজের প্রভাষক ও নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হামিদুল ইসলামের দ্বিতীয় কন্যা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাড়ির পাশের রাস্তা পার হচ্ছিল ছোট্ট হুমায়রা। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরপরই মোটরসাইকেল চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি।
নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পাঁচ বছর বয়সী অবুঝ শিশুটির এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।
পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। এদিকে, এই ঘটনার পর স্থানীয় সড়কে যানবাহনের বেপরোয়া গতি ও অদক্ষ চালকদের দৌরাত্ম্য নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা পলাতক চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 

















