
প্রতিদিনের ছোটাছুটি, ডেডলাইনের চাপ আর পেশাগত ব্যস্ততার গণ্ডি পেরিয়ে এক চিলতে নির্ভার আনন্দে মেতে উঠলেন গাইবান্ধার গণমাধ্যমকর্মীরা। সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও ঝালিয়ে নিতে অনুষ্ঠিত হলো গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন।
শনিবার (২১ নভেম্বর) গাইবান্ধা জেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রাণবন্ত এই আয়োজন বসে। ক্লাবের সভাপতি শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাহুল ইসলাম রুবেলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত বনভোজনে প্রেসক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
দিনভর নানা আয়োজনে মুখর ছিল মিলনায়তন প্রাঙ্গণ। ছিল কুশল বিনিময়, প্রাণখোলা আড্ডা আর হৃদ্যতার উষ্ণতা। নিয়মিত সংবাদ সংগ্রহের দৌড়ঝাঁপের বাইরে সহকর্মীদের সঙ্গে এমন অন্তরঙ্গ সময় কাটানো পেশাগত ঐক্য ও পারস্পরিক বোঝাপড়াকে আরও মজবুত করবে বলে মনে করছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।
আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকতা যেমন দায়িত্বশীল, তেমনি প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এ পেশায়। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও ঐক্যই সবচেয়ে বড় শক্তি। তাঁদের মতে, এমন মিলনমেলা শুধু ভ্রাতৃত্ববোধই বাড়ায় না, বরং প্রেসক্লাবের সাংগঠনিক কর্মকাণ্ডেও নতুন প্রাণ ও গতি সঞ্চার করে।
নিজস্ব প্রতিবেদক 


















