
সরকারের কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ার স্বপ্ন গাইবান্ধায় ধুলোয় মিশিয়ে দিচ্ছেন একদল দায়িত্বজ্ঞানহীন শিক্ষক।
এবিষয়ে গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) চরম অব্যবস্থাপনা, অনিয়ম আর শিক্ষকদের স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। প্রশিক্ষণার্থীদের অভিযোগ, নির্ধারিত সময়ে ক্লাসে যাওয়ার পরিবর্তে শিক্ষকরা এখন ব্যস্ত থাকেন কেন্দ্র সংলগ্ন চায়ের দোকানে আড্ডায়। ফলে মুখ থুবড়ে পড়েছে প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্লাসরুমে শিক্ষার্থীরা ট্রেনার বা শিক্ষকের অপেক্ষায় বসে থাকলেও সামনের সারির অধিকাংশ আসন ফাঁকা। অন্যদিকে, প্রতিষ্ঠানের ঠিক বাইরেই চায়ের দোকানে আড্ডায় মশগুল একদল শিক্ষক। ঘণ্টার পর ঘণ্টা সেখানে গল্পগুজব করে পার করে দিচ্ছেন তারা। অথচ ভেতরে তখন শিক্ষার্থীরা যন্ত্রপাতির সামনে বসে থেকেও কোনো নির্দেশনা পাচ্ছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন:“আমরা দূর-দূরান্ত থেকে অনেক আশা নিয়ে দক্ষতা অর্জন করতে আসি। কিন্তু এখানে এসে দেখি উল্টো চিত্র। স্যারেরা ক্লাসে আসেন না, আসলেও নামমাত্র হাজিরা নিয়ে চলে যান। আমরা কি শুধু সার্টিফিকেটের জন্য এসেছি? কাজ না শিখলে আমাদের ভবিষ্যৎ কী হবে?”
অনেক শিক্ষার্থী অভিযোগ করেছেন, দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর অনেক সময় কোনো নোটিশ ছাড়াই ক্লাস বাতিল করে দেওয়া হয়। এতে করে দরিদ্র ও শ্রমজীবী পরিবারের এই প্রশিক্ষণার্থীরা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এই নৈরাজ্যের বিষয়ে গাইবান্ধা টিটিসি-র দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। এমনকি তাদের ব্যবহৃত দাপ্তরিক ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া মেলেনি। কর্তৃপক্ষের এই রহস্যজনক নীরবতা অনিয়মের পেছনে তাদের প্রশ্রয় রয়েছে কি না, সেই প্রশ্নও তুলছে সচেতন মহল।

স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি অর্থ খরচ করে গড়ে তোলা এই বিশাল অবকাঠামো আজ গুটিকয়েক ফাঁকিবাজ শিক্ষকের কারণে প্রশ্নবিদ্ধ। দ্রুত এই অনিয়মের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে গাইবান্ধায় কারিগরি শিক্ষার প্রসার কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে।
ভুক্তভোগী শিক্ষার্থী ও এলাকাবাসী অবিলম্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।
নিজস্ব প্রতিবেদক 










