
গাইবান্ধা জেলায় জলাতঙ্ক রোগের ঝুঁকি হ্রাস ও আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা এবং জেলা সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের নিকট র্যাবিস ইমিউনোগ্লোবুলিন (আরআইজি) টিকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয় বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় বর্তমান সরকার বদ্ধপরিকর। বিশেষ করে জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধে সময়মতো টিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। উপজেলা পর্যায়ে এই টিকা পৌঁছে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষ এখন হাতের কাছেই উন্নত চিকিৎসা সেবা পাবেন।
সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান তার বক্তব্যে জানান, কুকুর বা অন্যান্য বন্য প্রাণীর কামড়ে আক্রান্ত ব্যক্তিদের জন্য এই আরআইজি টিকা অত্যন্ত কার্যকর। এখন থেকে জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই জীবন রক্ষাকারী টিকা মজুত থাকবে, যা মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবার মানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
টিকা হস্তান্তর অনুষ্ঠানে জেলার সকল উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তারা জেলা প্রশাসক ও সিভিল সার্জনের এই সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং প্রাপ্ত টিকা যথাযথভাবে সংরক্ষণের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই উদ্যোগের ফলে গাইবান্ধা জেলায় জলাতঙ্কজনিত মৃত্যু ঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
নিজস্ব প্রতিবেদক 

















