
কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছেন নির্মাণ শ্রমিক নেতারা। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ‘সাধারণ সভা-২০২৬’-এ এই আহ্বান জানানো হয়।

ইউনিয়নের সাধারণ সদস্য আব্দুস ছালামের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু এবং সাধারণ সম্পাদক এস. এম. হুনান হক্কানী।
সভায় বক্তারা বলেন, রোদ-বৃষ্টি উপেক্ষা করে দেশের অবকাঠামোগত উন্নয়নে প্রধান কারিগরের ভূমিকা পালন করেন ইমারত নির্মাণ শ্রমিকরা। অথচ আজ তারাই সবচেয়ে বেশি অবহেলিত ও অনিরাপদ। কর্মক্ষেত্রে দুর্ঘটনায় হতাহত শ্রমিকদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি। পাশাপাশি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করে সম্মিলিতভাবে দাবি আদায়ের ওপর জোর দেন নেতারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম এবং সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সাধারণ সদস্য মো. সাইফুল ইসলাম।

সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক সাধারণ নির্মাণ শ্রমিক উপস্থিত ছিলেন। তারা নিজেদের দৈনন্দিন কাজের ঝুঁকি, মজুরি বৈষম্য এবং ভবিষ্যৎ কল্যাণ তহবিল গঠনের বিষয়ে মতামত তুলে ধরেন।
নিজস্ব প্রতিবেদক 








