
গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি বৃদ্ধির আন্দোলনে হামলাকারীদের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত গাইবান্ধার গোবিন্দগঞ্জের তৌফিক (১৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নিহত তৌফিক গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। তিনি উপজেলার ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ ব্যাচের এসএসসি শিক্ষার্থী ছিলেন। বিদ্যালয় কর্তৃপক্ষ, পরিবার ও স্থানীয় এলাকাবাসী তাঁর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাজীপুরের বাংলা বাজার এলাকায় গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি বৃদ্ধির দাবীতে আন্দোলন চলছিল। তৌফিক সেই আন্দোলনে অংশ নেন। একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকদের ওপর দমনকারীরা সশস্ত্র হামলা চালায়। হামলা চালানোর সেই দৃশ্য তৌফিক তাঁর মুঠোফোনে ধারণ করার চেষ্টা করলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।
পরে সহপাঠী ও অন্য আন্দোলনকারী শ্রমিকরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।
তৌফিকের এই অকাল ও নৃশংস মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর গ্রামের বাড়ি গোবিন্দগঞ্জের ছয়ঘরিয়ায় শোকের ছায়া নেমে আসে। সহকর্মী, সহপাঠী ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। নিহতের পরিবার ও এলাকাবাসী এই বর্বরোচিত হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 








