
গাইবান্ধার ফুলছড়িতে এক নজিরবিহীন ও বর্বরোচিত ঘটনার সাক্ষী হলো দক্ষিণ উদাখালী এলাকা। মাত্র ১০ দিন পর যে ফসল ঘরে ওঠার কথা ছিল, সেই সোনালী স্বপ্নকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে একদল দুর্বৃত্ত। মজিবর রহমান নামে এক কৃষকের ৪৮ শতক জমির অপরিপক্ক ধান প্রকাশ্য দিবালোকে কেটে জমিতেই ফেলে রাখা হয়েছে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মজিবর রহমান ও নসিমুদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন। তবে আদালতের অনুমতি নিয়েই প্রায় ৩০ হাজার টাকা ব্যয় করে ওই জমিতে হাড়ভাঙ্গা খাটুনি দিয়ে ধান চাষ করেছিলেন কৃষক মজিবর রহমান। আজ সকালে নসিমুদ্দিনের নির্দেশে প্রায় ৩০ জনের একটি সশস্ত্র বাহিনী অতর্কিতভাবে ওই ক্ষেতে হানা দেয়। তারা কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে কাঁচা ধান কাটতে শুরু করে।
ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, ৯৯৯-এ কল করার পরও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব করে। এমনকি পুলিশের উপস্থিতিতেই দুর্বৃত্তরা ধান কাটা চালিয়ে যায় বলে দাবি করেছেন স্থানীয়রা। পুলিশ অপরাধীদের আটক না করে উল্টো উভয় পক্ষকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে বিষয়টি দায়সারাভাবে হ্যান্ডেল করেছে।
ভুক্তভোগী কৃষক মজিবর রহমান বলেন, “বুকের রক্ত পানি করে ফসল ফলিয়েছি। আর কয়েকটা দিন গেলেই ধান ঘরে তুলতাম। কিন্তু নসিমুদ্দিনের লোকজন আমার সব শেষ করে দিল। পুলিশের সামনেই তারা আমার ধান কাটল, কিন্তু পুলিশ কিছুই করল না।”
ঘটনার ভয়াবহতা স্বীকার করে ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া জানান, অপরিপক্ক ধান কাটা কেবল কৃষকের ক্ষতি নয়, এটি জাতীয় সম্পদের ওপর আঘাত ও দণ্ডনীয় অপরাধ।

অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন। তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশ্য দিবালোকে কৃষকের ফসল বিনাশ করার এই ঘটনাকে আধুনিক যুগের ‘জমিদারি বর্বরতা’ হিসেবে দেখছেন এলাকাবাসী। তাদের দাবি, বিরোধ জমির হতে পারে কিন্তু ফসলের ওপর এমন হিংস্রতা মেনে নেওয়া যায় না। অবিলম্বে মূল পরিকল্পনাকারী নসিমুদ্দিনসহ হামলায় জড়িত ৩০ জনকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
নিজস্ব প্রতিবেদক 

















