
গাইবান্ধা শহরের ফুসফুস খ্যাত ‘পৌর পার্ক’ এখন হকার ও অবৈধ দখলদারদের কবজায়। পার্কের প্রধান ফটক সংলগ্ন ফুটপাত ও মূল রাস্তার একটি বড় অংশ দখল করে গড়ে তোলা হয়েছে সারি সারি ফুচকা ও চটপটির দোকান। এর ফলে একদিকে যেমন সাধারণ পথচারীদের হাঁটাচলা দায় হয়ে পড়েছে, অন্যদিকে সরু হয়ে আসা রাস্তায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। অভিযোগ উঠেছে, এসব অবৈধ দোকান থেকে নিয়মিত ‘মাসোয়ারা’ তুলছে একটি প্রভাবশালী চক্র, যার কারণেই নির্বিকার প্রশাসন।

সরেজমিনে দেখা যায়, পৌর পার্কের সীমানা ঘেঁষে এবং রাস্তার ওপর স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে অন্তত ২০-৩০টি ফুচকা-চটপটির দোকান বসানো হয়েছে। বেঞ্চ ও টেবিল পেতে রাস্তার ওপরই গ্রাহকদের বসার ব্যবস্থা করা হয়েছে। এতে করে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত এই এলাকায় মানুষের জটলা তৈরি হয়। সাধারণ পথচারীরা ফুটপাত ব্যবহার করতে না পেরে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে মূল রাস্তা দিয়ে চলাচল করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দোকানদার জানান, তারা স্বেচ্ছায় রাস্তা দখল করেননি। প্রতিদিন নির্দিষ্ট অংকের টাকা বা ‘মাসোয়ারা’ দিয়েই তারা এখানে ব্যবসা করছেন। স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের নাকের ডগায় এমন অবৈধ কর্মকাণ্ড চললেও রহস্যজনক কারণে কোনো উচ্ছেদ অভিযান দেখা যাচ্ছে না।

পার্কে ঘুরতে আসা এক দর্শনার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন,
”পরিবার নিয়ে পার্কে আসার পরিবেশ নেই। চারদিকে নোংরা আবর্জনা আর রাস্তার ওপর দোকানের ভিড়। ফুটপাত দিয়ে হাঁটার জায়গা নেই, রিকশা বা গাড়ি নিয়ে যাতায়াত করাও এখন যুদ্ধের মতো।”
শহরের কেন্দ্রস্থলে এমন দখলদারিত্ব চললেও পৌর কর্তৃপক্ষ বা ট্রাফিক পুলিশ কেন নিরব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা। রাস্তা দখল করে গড়ে ওঠা এসব দোকান থেকে উত্তোলিত মাসোয়ারার ভাগ কোথায় যায়, তা নিয়েও জনমনে কানাঘুষা চলছে।

অনতিবিলম্বে অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করে পথচারীদের চলাচলের পথ সুগম করা হোক এবং মাসোয়ারা বাণিজ্যের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হোক। অন্যথায় সাধারণ মানুষের ভোগান্তি আরও চরমে পৌঁছাবে।
নিজস্ব প্রতিবেদক 












