
গাইবান্ধা জেলা সাব-রেজিস্ট্রি অফিসের দীর্ঘদিনের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করায় এক ব্যবসায়ী ও বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গেল রোববার দুপুরে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে সাধারণ জনগণের ব্যানারে আয়োজিত এক মানববন্ধন চলাকালীন এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত ব্যক্তির নাম মোঃ শাহজালাল , তিনি গাইবান্ধা পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং স্থানীয় একজন বিশিষ্ট ব্যবসায়ী।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০০৯ সাল থেকে গাইবান্ধা জেলা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির তথাকথিত সাধারণ সম্পাদক মোস্তামল্লিকের নেতৃত্বে একটি সিন্ডিকেট সাধারণ মানুষের কাছ থেকে জিম্মি করে অর্থ হাতিয়ে নিচ্ছে। জাল স্ট্যাম্প ব্যবহার, পে-অর্ডারের জালিয়াতি এবং সমিতির নামে সরকারি নিয়মের তোয়াক্কা না করে অতিরিক্ত চাঁদা আদায়ের পাহাড়সম অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। বর্তমানে কোনো বৈধ কমিটি না থাকলেও প্রতি দলিলে ৬ থেকে ৮ হাজার টাকা করে অবৈধভাবে আদায় করা হচ্ছে, যার মাসিক পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা।
এসব দৃশ্যমান অনিয়মের প্রতিবাদে আবরো আজ দুপুরে স্থানীয় চিহ্নিত এই সন্ত্রাসী ও ‘আওয়ামী দোসর’ হিসেবে পরিচিত মোস্তামল্লিক -এর বিরুদ্ধে কার্যালয়ের সামনে বিশাল মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন জেলার সচেতন নাগরিকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন গেল রোববার সুষ্ট সুন্দর মানববন্ধন চলাকালে মোস্তা মল্লিকের নেতৃত্বে মিথেন রিয়াজ , রাজ্জাক ও রানা মল্লিকসহ অজ্ঞাতনামা ১৫-২০ জন সংঘবদ্ধ হয়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে টেনে হিচড়ে শাহজালালকে রেজিস্ট্রি অফিসের গেটের ভেতরে নিয়ে যায় এবং ব্যাপক মারধর করে রক্তাক্ত করে। এ সময় তার পকেটে থাকা দোকানের মালামাল কেনার ১ লক্ষ ২০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। হামলার এই ভিডিও চিত্র ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এই ঘটনায় ভুক্তভোগী শাহজালাল গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে সাক্ষী হিসেবে মশিউর রহমান টুটুল, আশিকুর রহমান জুয়েলসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী শাহজালাল বলেন, “জনগণের স্বার্থে কথা বলতে গিয়ে আমি আজ হামলার শিকার হয়েছি। আমি এই সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুত গ্রেফতার এবং সাব-রেজিস্ট্রি অফিসের সকল দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।”
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। স্থানীয় সচেতন মহল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের বিচার ও রেজিস্ট্রি অফিসের সিন্ডিকেট ভেঙে দেওয়ার জোর দাবি তুলেছেন।
এতসব নজিরবিহীন দুর্নীতির প্রতিবাদে সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে করা আজকের মানববন্ধন শেষে সড়ক অবরোধ করে এসব দাবি দাওয়া জানালে পরে প্রশাসনের পক্ষ থেকে পাওয়া আশ্বাসের ভিত্তিতে তার আজকের কর্মসুচি শেষ করে।

এর পরও তারা দ্রুত এর সমাধান করা না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
নিজস্ব প্রতিবেদক 














