
গাইবান্ধা সদর উপজেলার ৫নং বল্লমঝাড় ইউনিয়নের কাজলঢোপ-কুপতলা দুর্গাপুর ব্রীজ সংলগ্ন প্রধান সড়কটি এখন এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হয়েছে। ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহন চালকরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই সড়কটির গর্তগুলো পানিতে তলিয়ে যায় এবং নতুন করে ভাঙনের সৃষ্টি হয়। বর্তমানে রাস্তাটি এতটাই নাজুক অবস্থায় রয়েছে যে, যেকোনো মুহূর্তে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করা শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও রোগীবাহী যানবাহনগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়ছে। বিশেষ করে জরুরি কোনো রোগীকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে এই ভাঙা রাস্তাটি যেন এক বড় বাধা।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, সড়কের এই বেহাল দশা সম্পর্কে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) একাধিকবার লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে। কিন্তু দফায় দফায় আবেদন করার পরও এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ বা প্রতিকার মেলেনি। কর্তৃপক্ষের এই উদাসীনতায় ক্ষুব্ধ স্থানীয় সাধারণ মানুষ।

কুপতলা–বল্লমঝাড় সড়কটি অত্র অঞ্চলের যোগাযোগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক ব্যবহার করে জেলা শহরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন। সড়কটির গুরুত্ব বিবেচনা করে অবিলম্বে এটি সংস্কার করা জরুরি বলে মনে করছেন ভুক্তভোগীরা।
এলাকাবাসী ও সচেতন মহলের দাবি— জনস্বার্থে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন বিষয়টি দ্রুত আমলে নেন এবং অতি দ্রুত জরুরি পদক্ষেপ গ্রহণ করে সড়কটি চলাচলের উপযোগী করে তোলেন।
নিজস্ব প্রতিবেদক 














