
গাইবান্ধার পলাশবাড়ীতে আপন মামীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক বিএনপি নেতাকে হাতেনাতে আটক করে তুলধুনো করার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয়ের মধ্যে রক্তক্ষয়ী হাতাহাতিতে দুইজন আহত হয়েছেন। অভিযুক্ত বিএনপি নেতার নাম শিমুল, তিনি উপজেলার ৬ নম্বর বেতকাপা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব।
রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ঢোলভাঙ্গা এলাকায় শিমুলের আপন মামা ইসরাফিল আলী কিনুর বাড়িতে এই লঙ্কাকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, গভীর রাতে গোপনে নিজ মামার বাড়িতে প্রবেশ করেন বিএনপি নেতা শিমুল। কিছুক্ষণের মধ্যেই মামা ইসরাফিল আলী কিনু দোকান বন্ধ করে আকস্মিক বাড়ি ফেরেন। ঘরে পা রাখতেই তিনি ভাগ্নে শিমুল ও নিজের স্ত্রীকে আপত্তিকর পরিস্থিতিতে দেখতে পান বলে দাবি করেন।
উপস্থিতি টের পেয়ে শিমুল আত্মরক্ষার্থে দ্রুত পাশের একটি কক্ষে গিয়ে খাটের নিচে লুকিয়ে পড়েন। তাৎক্ষণিক কিনু মিয়া ওই কক্ষের দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে পরিবারের বড় ভাইসহ স্থানীয়দের খবর দেন।
পরবর্তীতে দরজা খোলার পর অভিযুক্ত বিএনপি নেতা শিমুল উল্টো চড়াও হলে উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা চরম মারমুখী রূপ নিলে দুই পক্ষ হাতাহাতি ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। এতে কিনু মিয়া ও অভিযুক্ত শিমুল উভয়েই রক্তাক্ত ও কমবেশি আহত হন।
স্থানীয় রাজনৈতিক নেতার এমন অনৈতিক ও পারিবারিক অবক্ষয়ের ঘটনায় গোটা ঢোলভাঙ্গা এলাকায় তীব্র ক্ষোভ ও তোলপাড় সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মাঝে ঘটনাটি নিয়ে চলছে চরম সমালোচনা।
নিজস্ব প্রতিবেদক 
















