
হেমন্তের শান্ত বিকেলে হঠাৎ যেন নেমে এল এক অচেনা আতঙ্ক। কিছু বুঝে ওঠার আগেই লোকালয়ে ঢুকে সামনে যাকে পেয়েছে, তাকেই একের পর এক কামড়ে রক্তাক্ত করেছে একটি উন্মত্ত শিয়াল। পথচারী থেকে শুরু করে উঠানে থাকা শিশু ও নারীদের ওপর শিয়ালের এই বেপরোয়া হামলায় মারাত্মক আহত হয়েছেন অন্তত ৯ জন।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে এই রক্তক্ষয়ী তাণ্ডবের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বন-জঙ্গল ছেড়ে আচমকাই লোকালয়ে ঢুকে পড়ে একটি শিয়াল। চোখের পলকে তা পথচারী ও বাড়ির সামনে থাকা মানুষদের ওপর হিংস্র আক্রমণ শুরু করে। শিয়ালের কামড়ে ছিন্নভিন্ন হতে থাকে একের পর এক শরীর। মুহূর্তের মধ্যে গ্রামে ছড়িয়ে পড়ে তীব্র ভীতি; নারী ও শিশুদের নিয়ে শুরু হয় দিগ্বিদিক ছুটোছুটি। পরে গ্রামবাসী একজোট হয়ে ধাওয়া করে ক্ষিপ্ত শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেললে পরিস্থিতির ইতি টানে।
শিয়ালের হামলায় আহতরা হলেন—জিগাবাড়ী গ্রামের মোছা. রাবেয়া বেগম (৩৮), তার ১৩ বছর বয়সী ছেলে মো. রাকিবুল হাসান, মো. এনামুল হক (২৬), শিশু মোছা. আয়শা আক্তার (৩) এবং মো. হাসান মিয়া (৭)। এছাড়া তালুক বেলকা গ্রামের মোছা. নিলি বেগম (৪০), প্রবীণ মো. সাদেক হোসেন (৭০), মোছা. আফরুজা বেগম (৩৭) ও শিশু মো. শাওন মিয়া (৬) শিয়ালের কামড়ে জখম হন।
ঘটনার পরপরই রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান জানান, শিয়ালের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে আসা ৯ জনকেই জরুরি চিকিৎসা প্রদান করা হয়েছে। প্রাথমিক ক্ষতের চিকিৎসার পাশাপাশি সবাইকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক 

















