
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে ডিবি পুলিশের ওপর হামলার চেষ্টার অভিযোগে শাহীন মেম্বার নামে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। আজ (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার মহিমাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার পর মহিমাগঞ্জ এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানকালে শাহীন মেম্বারসহ কয়েকজন পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং একপর্যায়ে পুলিশের ওপর চড়াও হন। পরবর্তীতে ডিবি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শাহীন মেম্বারকে আটক করে। পরে উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোতালিব হোসেন জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
তবে আটক শাহীন মেম্বারের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বা তার পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদক 

















