
আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা যেন কিছুতেই থামছে না। গাইবান্ধার গোবিন্দগঞ্জে এবার চুরির অপবাদ দিয়ে সাইফুল মোল্লা (৫০) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত করেছে উত্তেজিত জনতা। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ বর্বর ঘটনা ঘটে।
আহত সাইফুল মোল্লা সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের রাঘবপুর গ্রামের গফুর আলী মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় সাইফুল মোল্লার বিরুদ্ধে মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে একদল মানুষ চড়াও হয়। কোনো বিচার-বিশ্লেষণ ছাড়াই জনাকীর্ণ মহাসড়কের পাশে তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর শুরু করে উপস্থিত লোকজন। একপর্যায়ে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মারধরে জড়িতরা দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির অভিযোগে এক ব্যক্তিকে মারধর করার খবর পেয়েই পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করা হয়েছে এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মারধরে জড়িতরা পুলিশ পৌঁছার আগেই ঘটনাস্থল ত্যাগ করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রকাশ্য দিবালোকে এভাবে আইন হাতে তুলে নিয়ে কাউকে গণপিটুনি দেওয়ার ঘটনায় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত হলেও তাকে পুলিশের হাতে না দিয়ে পিটিয়ে জখম করার এই বিচারহীন সংস্কৃতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
নিজস্ব প্রতিবেদক 


















