
যমুনা নদীর ওপর বহুল প্রত্যাশিত গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সেতু নির্মাণের দাবিতে উত্তাল গাইবান্ধা। অবিলম্বে এই রুটে সেতু বাস্তবায়নের দাবিতে জেলা শহরের ১ নম্বর ট্রাফিক মোড়সংলগ্ন গানাসাস মার্কেটের সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

কর্মসূচিতে স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন সামাজিক-পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সংহতি জানিয়ে অংশ নেন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সাদেকুল সরকার ও তার ছেলে। উল্লেখ্য, এই সেতুর দাবিতে সম্প্রতি গাইবান্ধা থেকে টানা ১৯ দিন পায়ে হেঁটে ঢাকায় গিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন এই বাবা-ছেলে।
মানববন্ধনে বক্তারা বলেন, উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি বালাসী-বাহাদুরাবাদ সেতু। রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ সহজতর করার পাশাপাশি উত্তরাঞ্চলের কৃষি, শিল্প ও সামগ্রিক অর্থনীতির চাকা সচল রাখতে এই রুটে সেতু নির্মাণের কোনো বিকল্প নেই। বক্তারা ক্ষোভ প্রকাশ করে হুঁশিয়ারি দেন, ঐতিহ্যবাহী এই রুট বাদ দিয়ে অন্য কোনো বিকল্প প্রস্তাব গাইবান্ধাবাসী কোনোভাবেই মেনে নেবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন স্থানীয় সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে মোঃ রোস্তম আলী, শহীদুল হক, সোলাইমান হোসেন, জাহীদ হাসান জীবন, অন্তু সাহা, মোস্তাফিজুর রহমান, জাহিদুল ইসলাম রানা, জুয়েল সরকার, দীপঙ্কর সাহা বাপ্পা, হুনান হক্কানি ও ফরিদুল ইসলাম রাখু প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক 










