
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের চক গোবিন্দ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে লেবু মিয়া (দুলা মিয়ার ছেলে) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চক গোবিন্দ এলাকায় অভিযান চালিয়ে লেবু মিয়াকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খান আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের এমন নিয়মিত ও কঠোর মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকলে এলাকার যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষা করা সম্ভব হবে এবং মাদকের বিস্তার রোধে প্রশাসনের তৎপরতা আরও জোরদার হবে।
নিজস্ব প্রতিবেদক 
















