
লালমনিরহাটে সরকারি ভর্তুকিযুক্ত ৪৫ বস্তা ডিএপি সার অবৈধভাবে পাচারের সময় এরশাদ আলী নামের এক কীটনাশক ও সার ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার হারাটি ইউনিয়নের মহেন্দ্রনগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার ভোরে পাচারের উদ্দেশ্যে তিনটি ইজিবাইকে করে ৪৫ বস্তা সরকারি ডিএপি সার অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা তাৎক্ষণিকভাবে ইজিবাইকগুলো আটকে পুলিশে খবর দেন।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনীতা দাস দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তিনটি ইজিবাইকসহ মোট ৪৫ বস্তা সার জব্দ করা হয়। পরে সার পাচারের সঙ্গে সরাসরি জড়িত থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত ব্যবসায়ী এরশাদ আলীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস জানান, স্থানীয়দের সতর্কতার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকসহ ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে এবং অপরাধীকে সাজা দেওয়া হয়েছে। এছাড়া জব্দকৃত সার হারাটি ইউনিয়নের স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ করা হয়েছে।
প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। একইসঙ্গে সার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের এই নজরদারি ও অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।
নিজস্ব প্রতিবেদক 
















