
তিন দশকের বেশি সময় ধরে চলা আইনি লড়াইয়ে একাধিক আদালতের রায় নিজের পক্ষে এলেও পৈত্রিক ভিটার দখল বুঝে পাননি গাইবান্ধার ইছিতন নেছা। উল্টো বিতর্কিত জমিতেই গড়ে উঠেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর আদালতের বারান্দায় সার্ভেয়ারের মাধ্যমে জমি বুঝে পাওয়ার আবেদন করে শুধু ‘তারিখ আর তারিখ’-এর বেড়াজালে ঘুরপাক খাচ্ছেন এই অসহায় নারী।
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর মধ্যপাড়া গ্রামে এই দীর্ঘমেয়াদী ভূমি বিরোধ ও আইনি জটিলতার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মেছের আলী তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি হেবা (দান) দলিলের (দলিল নং-৯০৮০) মাধ্যমে একমাত্র কন্যা ইছিতন নেছাকে লিখে দেন। দলিলে সিএস ও আরএস মিলিয়ে মোট ৯টি খতিয়ানসহ অন্যান্য খতিয়ানে প্রায় ৫ একর ৮৪ শতাংশ জমি অন্তর্ভুক্ত ছিল।
ভুক্তভোগী ইছিতন নেছার অভিযোগ, বাবা মেছের আলীর মৃত্যুর পর ওই সম্পত্তির ওপর চোখ পড়ে একই এলাকার আহমদ আলী ও বাহার উদ্দিনের। শুরু হয় দখল ও হয়রানি। স্থানীয় শালিস, ইউনিয়ন পরিষদ ও থানায় ধরনা দিয়ে প্রতিকার না পেয়ে ১৯৯৬ সালে গাইবান্ধা জেলা আদালতে দেওয়ানী মামলা (নং-৪৭/১৯৯৬) দায়ের করেন ইছিতন নেছা।
২০০০ সালের ২৩ জানুয়ারি তৎকালীন সাব-জজ ইনচার্জ মো. রেজাউল করিম বাদীর পক্ষে রায় দেন এবং আহমদ আলীকে জমি থেকে বেদখল ও ‘মহরম’ ঘোষণা করেন। পরের বছর ২০০১ সালের ২৫ জুলাই আপিল রায়েও (সাব-জজ ইনচার্জ কাজী গোলাম সারোয়ার হোসেন) ইছিতন নেছার পক্ষে পূর্বের রায় বহাল থাকে।
অভিযোগ রয়েছে, মামলায় হেরে গিয়ে প্রতিপক্ষ আহমদ আলী তাঁর বড় মেয়ে আলোমতি বেগমকে দিয়ে ইছিতন নেছার বিরুদ্ধে একটি মিথ্যা ধর্ষণ মামলাও দায়ের করেছিলেন, যা পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণে ভিত্তিহীন প্রমাণিত হয়।
জেলা পর্যায়ে হেরে গিয়ে প্রতিপক্ষ হাইকোর্টে আপিল (নং-৫২৬৩) করলে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ১৬ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ রায় ঘোষণা করেন। তবে ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হাইকোর্টের ওই রায়ে জেলা আদালতের দেওয়া নির্দেশনার তুলনায় ইছিতন নেছাকে কম জমি দেওয়া হয়েছে।
পরিবারের সদস্যদের প্রশ্ন, “আদালত যখন আহমদ আলীকে মহরম ঘোষণা করেছেন এবং নিম্ন আদালত পুরো জমির রায় দিয়েছেন, তখন কেন ইছিতন নেছা জমি কম পাবেন?”
বিতর্কিত জমিতে সরকারি স্কুল স্থাপনের সময়কার ঘটনার বর্ণনা দিয়ে ইছিতন নেছা জানান, স্কুল নির্মাণের কাজ শুরু হলে তিনি বাধা দিতে যান। অভিযোগ অনুযায়ী, ওই সময় তৎকালীন স্থানীয় সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনির উপস্থিতিতে তাঁকে ‘পাগল’ আখ্যা দেওয়া হয় এবং পুলিশ ও সন্ত্রাসীদের দিয়ে বাধা দেওয়া হয়। এমনকি তাঁকে গ্রেপ্তার, গুম ও তাঁর দুই ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। পরদিন কাগজপত্র নিয়ে এমপির বাসায় গেলে তাঁকে গেট থেকেই ফিরিয়ে দেওয়া হয়।
বর্তমানে হাইকোর্টের রায়ের পর সরকারি সার্ভেয়ারের মাধ্যমে জমি বুঝে পেতে গাইবান্ধা সদর কোর্টে আবেদন করেছেন ইছিতন নেছা। কিন্তু তাঁর অভিযোগ, সেখানে পিটিশন দিয়ে শুধু তারিখ বাড়ানো হচ্ছে, জমির দখল মিলছে না।
দ্রুত সরকারি সার্ভেয়ারের মাধ্যমে জমি পরিমাপ করে আইনি প্রক্রিয়ায় ইছিতন নেছাকে তাঁর প্রাপ্য জমি বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
নিজস্ব প্রতিবেদক 

















