
গাইবান্ধার সদর উপজেলার রহমান নগর কারিগরি স্কুল ও কলেজে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনা ঘটেছে। গেল সোমবার (৬ এপ্রিল) সকালে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক শুভ মিয়া বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল এ-ওয়ান’-এর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম ও শৃঙ্খলা সংক্রান্ত সংবাদ সংগ্রহের জন্য রহমান নগর কারিগরি স্কুল ও কলেজে যান সাংবাদিক শুভ মিয়া। সেখানে গিয়ে তিনি দেখতে পান, প্রতিষ্ঠানের অফিস কক্ষ ও শ্রেণিকক্ষগুলো প্রায় জনশূন্য এবং কোনো শিক্ষকের উপস্থিতি নেই। নিয়মতান্ত্রিক এই অনিয়মের চিত্র ভিডিও ফুটেজে ধারণ করার সময় প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির এক কর্মচারী (পিয়ন) তার ওপর চড়াও হন।
শুভ মিয়া অভিযোগ করেন, “ভিডিও ধারণ করতে দেখে ওই কর্মচারী অতর্কিতে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে তিনি আমার ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং শারীরিক লাঞ্ছনা করেন। একজন সংবাদকর্মী হিসেবে প্রতিষ্ঠানের অনিয়ম তুলে ধরা আমার পেশাগত দায়িত্ব, কিন্তু এভাবে বাধা দেওয়া ও হামলা করা সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ।”

ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, সাংবাদিক শুভ মিয়া যখন ওই কর্মচারীর আচরণের কারণ জানতে চাচ্ছিলেন, তখন তিনি আরও উত্তেজিত হয়ে ক্যামেরার লেন্স হাত দিয়ে চেপে ধরেন এবং মারমুখী ভঙ্গিতে তেড়ে আসেন।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। জেলা পর্যায়ের সাংবাদিক নেতারা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, কর্তব্যরত সাংবাদিকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে অভিযুক্ত কর্মচারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট স্কুল ও কলেজ কর্তৃপক্ষের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী সাংবাদিক শুভ মিয়া ন্যায়বিচার চেয়ে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক 

















