
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই হাটে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আনিছুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের আরও অন্তত ৪ জন। এসময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও আরও একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান নাকাই বন্দর এলাকার নুরুল হক মন্ডলের ছেলে এবং স্থানীয় ফ্লোক্সি লোড ব্যবসায়ী। তিনি স্থানীয় ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক ছিলেন বলে জানাগেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নাকাই হাট বন্দর এলাকায় নাকাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক ও তার ভাই আব্দুল মজিদ গংদের সাথে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহফুজার রহমান মন্ডলের ভাতিজি জামাই শাহ আলম গংদের একটি জমির সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। ঘটনার সময় স্থানীয় সার্ভেয়ার দিয়ে জমি মাপজোখ করার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর কিছুক্ষণ পরই তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের মাধ্যমে বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়। দফায় দফায় চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে মালেক, সায়েমের নেতৃত্বে একটি হিরো মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে এবং একটি বাজাজ ডিসকাভার মোটরসাইকেল ভাঙচুর করা সহ লুটপাট চালানো হয়।
এ ঘটনায় আরো ৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে রংপুর মেডিকেল কলেজে মৃত্যু বরন করে আনিছুর রহমান।
সংঘর্ষের খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের নেতৃত্বে এসআই শিবলী কায়েস মীরসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে জেলা পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি শান্ত করা হয়। খবর পেয়ে গাইবান্ধা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রশীদুল বারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বর্তমানে এই হত্যাকাণ্ডের ঘটনায় নাকাই হাট এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 














