
রাজনীতিতে চিরবৈরী দুই দল—আওয়ামী লীগ ও বিএনপি। এক দলের নেতা গ্রেফতার হলে অন্য দলের উল্লাস করাই যেখানে চেনা ছবি, সেখানে ঘটল এক অবিশ্বাস্য উলটপুরাণ! গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে রাজপথে স্লোগান দিলেন বিএনপির নেতাকর্মীরা। শরীয়তপুরে ঘটে যাওয়া এই নজিরবিহীন ঘটনার ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তোলপাড় ও তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যার দিকে শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের গয়াতলা বাজার এলাকায়।
জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অংশ নেওয়া এবং সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সম্প্রতি বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন মুন্সিকে গ্রেফতার করে পালং মডেল থানা পুলিশ। কিন্তু ঘটনার নাটকীয় মোড় নেয় মঙ্গলবার সন্ধ্যায়। ওই আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে হঠাৎ করেই রাজপথে বিক্ষোভ মিছিল বের করেন ইউনিয়ন বিএনপির একাংশের নেতাকর্মীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ৪০ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, বিএনপির একদল নেতাকর্মী সশরীরে মিছিলে অংশ নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করছেন রাজপথ, আর দাবি করছেন আওয়ামী লীগ নেতা লিটন মুন্সির নিঃশর্ত মুক্তি!
এই ব্যতিক্রমী ও অদ্ভুত রাজনৈতিক সমীকরণ নিয়ে জেলাজুড়ে চলছে নানা গুঞ্জন। তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে গিয়ে কিছুটা কৌশলী অবস্থান নিয়েছেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। জেলা বিএনপির সহ-সভাপতি শাহ আবদুস সালাম বলেন, “আমি ফেসবুকে দেখেছি, শরীয়তপুর সদর উপজেলার একটি ইউনিয়নে বিএনপির নেতাকর্মীরা মিছিল করেছে। এর বেশি আমি কিছু বলতে পারবো না।
এদিকে পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে বিনোদপুর বাজারের কান্দি এলাকার নিজ বাড়ি থেকে আসাদুজ্জামান লিটন মুন্সিকে আটক করা হয় এবং পরবর্তীতে তাকে আদালতে পাঠানো হয়েছে।
রাজনীতির মাঠে ‘শত্রুর জন্য বন্ধুর কাঁদন’—এই বিরল দৃশ্য এখন শরীয়তপুরের টক অব দ্য টাউন। নেপথ্যে কোনো গোপন আঁতাত নাকি অন্য কোনো রহস্য, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
নিজস্ব প্রতিবেদক 
















