
গাইবান্ধার পলাশবাড়ীতে বৃদ্ধ বাবা-মাকে অমানবিক নির্যাতনের অভিযোগে সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ উম্মে মাহবুবা খানম (সোমা আক্তার)-কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সম্পত্তি লিখে নেওয়ার পর নিজের জন্মদাতা পিতা-মাতাকে ঘরছাড়া করা এবং আসবাবপত্র ভিজিয়ে দেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এই কঠোর ব্যবস্থা নেওয়া হলো।

উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামের ৭৫ বছর বয়সী মাহাবুব ইসলাম দোলন ও তার ৭০ বছর বয়সী স্ত্রী হাসনা বেগমের একমাত্র সন্তান হাসানুর রহমান ও পুত্রবধূ সোমা আক্তার। অভিযোগ রয়েছে, কৌশলে সব সম্পত্তি লিখে নেওয়ার পর থেকেই এই বৃদ্ধ দম্পতির ওপর শুরু হয় অমানবিক নির্যাতন। নিয়মিত ভরণপোষণ বন্ধ রাখা, শারীরিক ও মানসিক হেনস্থা এবং ঘর থেকে বের করে দেওয়ার মতো ঘটনা ছিল নিত্যদিনের।
গত ৭ জানুয়ারি সকালে অসুস্থ এই বৃদ্ধ দম্পতি চিকিৎসার জন্য ওষধ কিনতে শহরে যান। এই সুযোগে পুত্রবধূ সোমা আক্তার তাদের শয়নকক্ষে প্রবেশ করে লেপ, তোষক, কাঁথা ও বালিশসহ সমস্ত ব্যবহৃত আসবাবপত্র বাইরে বের করে পানিতে ভিজিয়ে দেন। হাড়কাঁপানো শীতে বৃদ্ধ বাবা-মায়ের বিছানাপত্র নষ্ট করার এই দৃশ্য দেখে স্থানীয়রা হতবাক হয়ে পড়েন।
সংবাদকর্মীদের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছোটেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ ও থানা পুলিশ। তারা স্থানীয়দের সহায়তায় বৃদ্ধ দম্পতিকে পুনরায় তাদের ঘরে থাকার ব্যবস্থা করে দেন। পুলিশ ওই দিনই ছেলে হাসানুরকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।
রংপুর বিভাগীয় উপ-পরিচালকের (প্রাথমিক শিক্ষা) কার্যালয় থেকে জারিকৃত এক অফিস আদেশে জানানো হয়, পলাশবাড়ী থানায় দায়েরকৃত মামলা (নম্বর-০৪, তারিখ ০৮/০১/২০২৬ খ্রিঃ) এবং দণ্ডবিধি ১৮৬০-এর বিভিন্ন ধারায় অভিযুক্ত হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা মোতাবেক প্রধান শিক্ষক উম্মে মাহবুবা খানমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
”বৃদ্ধ বাবা-মায়ের ওপর এমন অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি।

এই ঘটনায় এলাকায় স্বস্তি নেমে এসেছে এবং সচেতন মহল প্রশাসনের এমন কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 
















