
গাইবান্ধা সদর হাসপাতালের রান্নাঘরে রোগীদের জন্য বরাদ্দকৃত খাবার চুরির এক ন্যাক্কারজনক ঘটনা ফাঁস হয়েছে। রাতের অন্ধকারে বিপুল পরিমাণ আলু সেদ্ধ করে নিজের মাছের প্রজেক্টে পাচারের সময় হাতেনাতে ধরা পড়েছেন হাসপাতালের বাবুর্চি রুবেল। এই ‘আলু চুরির নাটক’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
সূত্র মতে, হাসপাতালের রোগীদের পুষ্টিকর খাবার দেওয়ার নাম করে সরকারিভাবে যে মালামাল বরাদ্দ হয়, দীর্ঘদিন ধরে তা চুরির অভিযোগ ছিল। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুরির বিষয়টি হাতেনাতে ধরতে ওত পেতে থাকে সংবাদকর্মিরা । প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা যায়, বাবুর্চি সুকৌশলে দুই বস্তা আলু সেদ্ধ করে রাতের আঁধারে পাচার করার চেষ্টা করছিলেন। যাতে কেউ সন্দেহ করতে না পারে, সেজন্য আলুগুলো আগেভাগেই সেদ্ধ করে নেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

শুধু তাই নয় সেই আলুর বস্তার মাঝে কাপড়ে মোড়ানো রোগির জন্য বরাদ্দকৃত পারুটিও পাওয়া গিয়েছে।
হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে নিরাপত্তা কর্মীদের ফাঁকি দিয়ে কীভাবে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কর্তৃপক্ষের সঠিক তদারকির অভাব এবং অভ্যন্তরীণ যোগসাজশ ছাড়া এমন ন্যাক্কারজনক কাজ করা সম্ভব নয়। এটি কেবল একটি আলু এবং রুটি চুরির ঘটনা নয়, বরং রোগীদের মুখে বরাদ্দকৃত খাবারের ওপর প্রকাশ্য থাবা।
এই ঘটনার ভিডিও প্রকাশ হওয়ার পর থেকেই এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
সাধারণ মানুষের প্রশ্নকতদিন ধরে রোগীদের খাবারের এই ‘হরিলুট’ চলছে এবং চলবে?
এই চক্রের নেপথ্যে আর কোন রাঘববোয়াল জড়িত?হাসপাতাল প্রশাসন কি এর দায় এড়াতে পারে?
স্থানীয়রা জানান, “রোগীরা যেখানে ওষুধ আর খাবার ঠিকমতো পায় না, সেখানে সরকারি মাল এভাবে পাচার হওয়া মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী বাবুর্চিসহ নেপথ্যের হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
এ বিষয়ে হাসপাতালের খাদ্যের ঠিকাদার শাহাদৎ হোসেনের সাথে কথা বললে তিনি দু:খ প্রকাশ করে জানান,আমি রোগির কথা চিন্তা করে পর্যাপ্ত পরিমান আলু এবং অন্যান্ন খাবার এনে রেখেছি সেখান থেকে রাতের আধারে এভাবে চুরি এটা কোন ভাবেই কাম্য নয়।

হাসপাতালের তত্বাবধায়কের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি গুরত্ব সহকারে খতিয়ে দেখে ব্যবস্থা নেযার আশ্বাস দিয়েছেন।
তবে সচেতন মহলের দাবি, নামমাত্র তদন্ত কমিটি গঠন না করে সরাসরি কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে ভবিষ্যতে কেউ অসহায় রোগীদের হক নষ্ট করার সাহস না পায়।
সেই সাথে এই বাবুর্চি রুবেলের মত স্থানীয় যারা এখানে হাসপাতালের সাথে জড়িত থেকে এমন নানা অপকর্মের সাথে জোট বেধেছে তাদের সকলের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপের পাশাপাশি দাপ্তরিক ব্যবস্থা গ্রহন করবে।
নিজস্ব প্রতিবেদক 















