
দীর্ঘ আট বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জমে উঠেছে গাইবান্ধার শত বছরের ঐতিহ্যবাহী পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। আজ শনিবার সকাল ৯টা থেকে নির্ধারিত কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে এই ভোটগ্রহণ শুরু হয়েছে। কোনো প্রকার বিরতি ছাড়াই বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের ত্রি-বার্ষিক নির্বাচনে মোট ১৭টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪ জন প্রার্থী। ঐতিহ্যবাহী এই বাজারের ব্যবসা ও ব্যবসায়ীদের ভাগ্য নির্ধারণে মোট ৬৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
সরেজমিনে বাজার এলাকায় গিয়ে দেখা যায়, দীর্ঘ দিন পর নির্বাচন হওয়ায় ভোটার ও সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সকাল থেকেই ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে পুরো বাজার এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

ভোট দিতে আসা কয়েকজন সাধারণ ব্যবসায়ী জানান, দীর্ঘ আট বছর পর এই নির্বাচন হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। তারা এমন একটি কমিটি আশা করছেন যা বাজারের আইন-শৃঙ্খলা রক্ষা, ঐতিহ্য ধরে রাখা এবং ব্যবসায়ীদের সার্বিক উন্নয়নে নিষ্ঠার সাথে কাজ করবে।
নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হবে ভোট গণনার কাজ।
নিজস্ব প্রতিবেদক 















