
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় অবস্থিত সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ‘বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট’ (বিআরআইসিএম) ভবনে একটি ‘গোপন কক্ষের’ সন্ধান পাওয়ার দাবি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তার কক্ষের ভেতরে বিশেষভাবে তৈরি এই গোপন প্রকোষ্ঠে অনৈতিক কর্মকাণ্ড চলত বলে অভিযোগ তুলেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
সরেজমিনে ও প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বিআরআইসিএম-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মালা খানের কক্ষের ভেতরে অভিনব কৌশলে এই গোপন কক্ষটি নকশা করা হয়েছিল, যা বাইরে থেকে বোঝার কোনো উপায় ছিল না। শুধু তাই নয়, কক্ষটি পাশের আরেক শীর্ষ কর্মকর্তা তথা প্রতিষ্ঠানের উপদেষ্টা রবীন্দ্র রয় চৌধুরীর কক্ষের সঙ্গেও সংযুক্ত ছিল। দুই কক্ষের ব্যবহারকারীদের জন্য ছিল একটি গোপন কমন ওয়াশরুম।
সাম্প্রতিক অস্থিরতার পর কর্মকর্তা-কর্মচারীরা ওই গোপন কক্ষে প্রবেশ করলে চোখ কপালে ওঠে সবার। অভিযোগকারীরা দাবি করেন, ওই কক্ষ থেকে একটি বিলাসবহুল খাট ও বালিশ, ব্যবহৃত প্রেগন্যান্সি টেস্ট কিট,
কাটা চুলসহ বেশ কিছু আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, ড. মালা খান এবং উপদেষ্টা রবীন্দ্র রয় চৌধুরীর মধ্যে দীর্ঘদিনের অনৈতিক সম্পর্কের গুঞ্জন থাকলেও এতকাল ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি। শুধু অনৈতিক কর্মকাণ্ডই নয়, ড. মালা খানের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ভুয়া গবেষণা, প্রকল্প পরিচালনায় কোটি কোটি টাকার দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার পাহাড়সম অভিযোগ রয়েছে। ক্ষমতার দাপটে তিনি পুরো প্রতিষ্ঠানটিকে নিজের ব্যক্তিগত রাজত্বে পরিণত করেছিলেন বলে ক্ষোভ প্রকাশ করেন কর্মকর্তা-কর্মচারীরা।
উত্থাপিত গুরুতর সব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ড. মালা খানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অন্যদিকে, উপদেষ্টা রবীন্দ্র রয় চৌধুরীও ফোন রিসিভ করেননি।
এদিকে কেমিক্যাল মেজারমেন্টের মতো একটি স্পর্শকাতর রাষ্ট্রীয় বৈজ্ঞানিক প্রতিষ্ঠানে এমন নজিরবিহীন কেলেঙ্কারির খবরে খোদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে চরম অস্বস্তি বিরাজ করছে। মন্ত্রণালয়ের সচিব এ বিষয়ে গভীর বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কঠোর তদন্ত কমিটি গঠন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক 















