
গাইবান্ধা জেলা সদর হাসপাতালের প্রধান গেট থেকে শুরু করে জরুরি বিভাগ (ইমারজেন্সি) পর্যন্ত যাওয়ার একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল দশা সৃষ্টি হয়েছে। মাত্র এক মাস আগে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে রাস্তাটির নির্মাণ ও সংস্কার কাজ শেষ হলেও, মাস না পেরোতেই তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে পিচ ও ইটের খোয়া উঠে গিয়ে বর্তমানে রাস্তাটিতে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে, যা দেখে চেনার উপায় নেই এটি মাত্র মাসেক দেড়েক আগেই সংস্কার করা হয়েছিল।
সরেজমিনে গিয়ে এবং স্থানীয় সূত্রে জানা যায়, দেড় মাস পূর্বে বিপুল অর্থ ব্যয়ে এই গুরুত্বপূর্ণ সড়কটির কাজ সম্পন্ন করে গণপূর্ত বিভাগ। কিন্তু কাজ চলাকালীন সময়ই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল। বর্তমানে রাস্তায় দৃশ্যমান একদম নিম্নমানের ৩ নম্বর বা তার চেয়েও নিকৃষ্ট ইটের চিত্র ফুটে উঠেছে। সামান্য বৃষ্টিতেই রাস্তার ইট-খোয়া গুঁড়ো হয়ে মাটির সাথে মিশে যাচ্ছে।

যে রাস্তা দিয়ে ২৪ ঘণ্টা মুমূর্ষু রোগীদের জরুরি বিভাগে আনা-নেওয়া করা হয়, সেই রাস্তার এই কঙ্কালসার চেহারার কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ইজিবাইক, রিকশা কিংবা অ্যাম্বুলেন্স নিয়ে ইমারজেন্সিতে পৌঁছাতে গিয়ে তীব্র ঝাঁকুনির মুখে পড়তে হচ্ছে রোগীদের। বিশেষ করে গর্ভবতী নারী এবং স্ট্রোকের রোগীদের জন্য এই রাস্তাটি এখন যেন এক ‘মৃত্যুফাঁদ’।
হাসপাতালে আসা ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “হাসপাতালের মতো স্পর্শকাতর জায়গায় সরকারি টাকা এভাবে অপচয় আর হরিলুট হবে—তা মেনে নেওয়া যায় না। গণপূর্ত বিভাগের কর্মকর্তা এবং ঠিকাদারের যোগসাজশ ছাড়া এত নিম্নমানের কাজ হওয়া অসম্ভব। আমরা এই কাজের তীব্র নিন্দা জানাই এবং এর সুষ্ঠু তদন্ত চাই।”

এই বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং সহকারির নাম্বারে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেনি এবং নির্বাহীর নাম্বার বন্ধ ছিল ।
তবে স্থানীয় সচেতন মহল অতি দ্রুত এই দুর্নীতিগ্রস্ত কাজের তদন্ত এবং রাস্তাটি পুনরায় টেকসইভাবে সংস্কার করার জন্য জেলা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
নিজস্ব প্রতিবেদক 


















